
শেষ আপডেট: 15 May 2023 09:53
দ্য ওয়াল ব্যুরো: টাকার অভাবে সদ্যোমৃত ৫ মাসের সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি কালিয়াগঞ্জের (Kaliaganj Incident) অসীম দেবশর্মা। অগত্যা ব্যাগে ভরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যান তিনি। ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে যায়। ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College and Hospital) সুপারের থেকে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর (West Bengal Helth Department)। এছাড়াও উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন।
কালিয়াগঞ্জের মুস্তাফানগর এলাকার ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা। পরিযায়ী শ্রমিক অসীমের সামান্য আয়ে কোনওমতে সংসার চলে তাঁর। মাস কয়েক আগে যমজ সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। কিন্তু আচমকাই দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। কিন্তু শিশুদের অবস্থার কোনও উন্নতি না হওয়ায় রায়গঞ্জের সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরে তাদের রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক শিশুর।
বাচ্চার মৃত্যুতে ভেঙে পড়েন অসীম। সেইসঙ্গে কপর্দকশূন্য বাবার মাথায় ঘুরতে থাকে সেই মৃত শিশুকে কীভাবে বাড়ি নিয়ে যাবে! অ্যাম্বুলেন্স ভাড়া ৮ হাজার টাকা, যা দেওয়ার ক্ষমতা ছিল না অসীমের। কী করবেন, ভেবে না পেয়ে মৃত শিশুকে ব্যাগে ভরেই বাড়ির দিকে হাঁটা দেন তিনি।
এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। জেলা বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে। সেই ঘটনায় এবার নড়েচড়ে বসল প্রশাসন। ঠিক কী ঘটেছিল, কেন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, সেইসব জানতেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারের থেকে রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দফতর।
অনুব্রত কান্নায় ভেঙে পড়লেন সুকন্যার সামনে, জেলে দ্বিতীয়বার দেখা হল বাবা-মেয়ের