
শেষ আপডেট: 17 August 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Case) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয়েছে, বলে অভিযোগ। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা অন্য এক মামলার প্রসঙ্গে উঠে এল হাইকোর্টে (Calcutta High Court)। ৫ বছর আগে মালদহের কালিয়াচকে এক ছাত্রী মৃত্যুর মামলায় (Kaliachalk Student Death Case), নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকলীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
২০১৮ সালের ৩০ অক্টোবর মালদহের কালিয়াচক আবাসিক মিশনের একাদশ শ্রেণির ছাত্রী নাজিমা খাতুন হস্টেলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়। স্কুল কর্তৃপক্ষ দাবি করে, নাজিমা আত্মহত্যা করে। কিন্তু স্কুলের এই দাবি মানতে নারাজ ছিল নাজিমার পরিবার।
অভিযোগ, ঘটনার দিন ওই ছাত্রীর বাবার সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণে হস্টেল কর্তৃপক্ষ তাকে বাড়ি যেতে বাধা দেয়। সেই রাতেই এই রহস্যমৃত্যুর ঘটনা ঘটে যায়। বৃহস্পতিবার মামলার শুনানি পর্বে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, 'নাবালিকা ছাত্রী আত্মহত্যা করেছে। তাই কোনও নিরপেক্ষ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই।' পাশাপাশি তিনি আরও দাবি করেন, ছাত্রী মানসিক অবসাদের জন্যই সে আত্মহত্যা করেছিল। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর অভিভাবককে স্কুলে ডেকে পাঠানোর পরেই সে আত্মহত্যা করে। কোনও খুনের অভিযোগে দায়ের করা হয়নি পুলিশের কাছে।
তারপরই সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, কী কারণে অভিভাবককে স্কুলে ডাকা হয়েছিল? তার তথ্য কোথায়? প্রথম চার্জশিটে জমা করার সময় যে সমস্ত ব্যক্তিদের সাক্ষী নেওয়ার দরকার ছিল তাঁদের কেন সাক্ষী নিলেন না তদন্তকারী আধিকারিকরা? সেই প্রশ্নের উত্তর এদিন আদালতে দিতে পারিনি সরকারপক্ষের আইনজীবী।
মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, নাবালিকা ছাত্রীর বাবা নির্দিষ্ট করে খুনের অভিযোগ করলেও সেই অভিযোগ এফআইআর হিসেবে রুজু করেনি পুলিশ। ওই ছাত্রী পাঁচতলা থেকে নীচে পড়ে যাওয়ার পর হাসপাতালে প্রথম যে চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন তাঁর সাক্ষী কেন নেওয়া হয়নি?
এদিন শুনানি শেষে বিচারপতি শম্পা দত্ত পাল, নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর ছ'সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেন।
আরও পড়ুন: স্নেহমঞ্জুর উত্তরে ‘চূড়ান্ত অসন্তুষ্ট’ শিশু সুরক্ষা কমিশন! বলল, সদিচ্ছার অভাব, ফের শো-কজ