
শেষ আপডেট: 6 June 2022 17:18
দ্য ওয়াল ব্যুরো: ‘জাতিস্মর’ ছবিতে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল ‘এ তুমি কেমন তুমি’। কবীর সুমনের লেখা (Kabir Suman Song) সেই গান ছবির জন্য গেয়েছিলেন রূপঙ্কর বাগচী। আজও পথচলতি রিংটোনে বেজে ওঠে সেই চেনা গানের সুর। প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-র (KK) মৃত্যুর পর নিজের সেই পুরনো গানেই নতুন করে কথা সাজিয়েছেন কবীর সুমন। সোমবার ফেসবুক পোস্টে গানের কথাগুলি পোস্ট করে সকালেই জানিয়েছিলেন, এ গান তিনি নিজেই সবার আগে গাইবেন। রাতেই গানটি গেয়ে শোনালেন বর্ষীয়ান শিল্পী।
আরও পড়ুন: সৃজিতের ছবির গানে ফিরলেন কেকে, ইউটিউবে ঝড় তুলল 'ধূপ পানি বেহনে দে'
সোমবার রাতে আরও একটি ফেসবুক পোস্ট করেছেন কবীর সুমন (Kabir Suman Song)। সেখানেই পোস্ট করেছেন তাঁর গাওয়া গানের ভিডিও। সকালে যে গান লিখেছিলেন গিটার হাতে সেই গানই তিনি গেয়ে শুনিয়েছেন রাতে। কলকাতায় গাইতে এসে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র অকালমৃত্যুর সাম্প্রতিক ঘটনাই এই গানের কোথায় ফুটে উঠেছে। ‘এ তুমি কেমন তুমি’ গানের সুরেই নতুন কথা বসানো গানটি গেয়ে শোনালেন সুমন।
ভিডিওর শুরুতে তিনি জানিয়েছেন, তাঁর লেখা ও সুর দেওয়া এই গান যে কেউ গাইতে পারেন (Kabir Suman Song)। তার জন্য আলাদা করে কবীর সুমনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে এই গানের সুর বিকৃত না করার অনুরোধ জানিয়েছেন শিল্পী। তিনি চান না এই গান বিকৃত করে কেউ প্যারোডি বানাক।
ঘটনাচক্রে কবীর সুমনের ‘এ তুমি কেমন তুমি’ যাঁর গলায় জনপ্রিয়, সেই রূপঙ্কর বাগচী কেকে-র মৃত্যুর পর জনতার দরবারে ভিলেন হয়ে গেছেন। কেকে-র মৃত্যুর কয়েকঘণ্টা আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে রূপঙ্কর বলেছিলেন, ‘হু ইজ কেকে ম্যান?’ বাংলার শিল্পীরা কেকে-র চেয়ে ভাল গান করেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তারপর কেকে-র এমন মর্মান্তিক মৃত্যু কাঠগড়ায় তুলেছে রূপঙ্করকে। রূপঙ্করের প্রতি বিদ্বেষের আবহে তাঁর গাওয়া গান নতুনভাবে ফিরিয়ে আনলেন কবীর সুমন।
আরও পড়ুন: রূপঙ্কর গেয়েছিলেন সুমনের ‘এ তুমি কেমন তুমি’, তাতে কেকে-র জন্য নতুন কথা বসালেন সুমন নিজেই
তবে কেকে-কে নিয়ে এই গান লেখার আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন, “এ তুমি কেমন তুমি গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউণ্ডট্র্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর।” এর পরে সুমন জানান, এক পরিচালক আবদার করে গানটি তাঁর কাছ থেকে চেয়ে নেন ছবির জন্য। স্নেহের জায়গা থেকেই দিয়ে দিয়েছিলেন তিনি গানটি।