দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে শনিবার সকাল থেকেই খবর রটতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। দুপুরে তা নিয়ে বিবৃতি দিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, "যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।"
বুদ্ধবাবু দীর্ঘদিন ধরেই গৃহবন্দি। তবে নতুন করে তাঁর কোনও সমস্যা হয়নি। তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছে মুজফফর আহমেদ ভবন।
গতকাল ২৫ শে বৈশাখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বুদ্ধবাবুর কণ্ঠে একটি আবৃত্তি। অনেক পুরনো একটি রেকর্ডিং নতুন ভিডিও ফরম্যাট করে তা ছড়িয়ে দেন বাম কর্মী-সমর্থকরা। সেইসব পোস্টে অনেকেই বুদ্ধবাবুর শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে কৌতূহল দেখান। তারপরই এদিন সকালে অসুস্থতার গুজব রটে যায়।
গত বছর সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভর্তি করতে হয় হাসপাতালেও। বাইপ্যাপ মেশিন লাগিয়ে বুদ্ধবাবুর ফুসফুস থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের করেন চিকিৎসকরা। তিন দিনের মাথায় একরকম জেদ করেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সিপিএমের প্রাক্তন পলিটব্যুরোর সদস্য। তারপর থেকে সাতজন চিকিৎসক বাড়িতেই তাঁর চিকিৎসা করছেন। বছর দেড়েক আগে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বুদ্ধবাবুর শ্বাসকষ্টের সমস্যা নতুন ঘটনা নয়। ২০১০ সাল থেকেই সিওপিডি-র কারণে বিমানে চড়তে পারেন না। সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও সমস্যা হত তাঁর। এমনও দিন গিয়েছে, আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরের লিফট কাজ করছে না দেখে গেট থেকেই বাড়ি ফিরে গিয়েছেন তিনি। তবে গত তিন-সাড়ে তিন বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূল সমস্যা চোখে। যদিও গত দু'বছর পুজোয় তাঁর লেখা দুটি বই বিপুল জনপ্রিয় হয়। গত পুজোয় প্রকাশিত 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা' বইটির প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায় তিন দিনে। তবে এদিন সিপিএমের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নতুন করে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়নি।