
শেষ আপডেট: 30 March 2023 17:41
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) শারিরীক অবস্থার (Health Condition) অবনতি ঘটেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এবার কলকাতার হাসপাতালে রেফার করা হল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে কলকাতায় (Kolkata) নিয়ে আসা হবে আসানসোলের প্রাক্তন মেয়রকে।
কী ঘটেছে?
বৃহস্পতিবার সন্ধেবেলা আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জিতেন্দ্রকে। সেখানে ইকোকার্ডিওগ্রাফি সহ বেশ কিছু পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা খতিয়ে দেখতে তিনবার ট্রপ-টি করা হয় তাঁর। তিনবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। সব রিপোর্ট দেখে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, কলকাতার কোনও হাসপাতালে পাঠানোর। জানা গেছে, জিতেন্দ্রর অস্ত্রোপচার হতে পারে।
প্রসঙ্গত, আসানসোলের কম্বলকাণ্ডে নয়ডা থেকে গ্রেফতার হন জিতেন্দ্র। তারপর তাঁকে আনা হয় আসানসোলে। ৯ দিনের পুলিশ হেফাজতের পর জিতেন্দ্রকে আদালতে তোলা হলে বিচারক, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সেই থেকেই আসানসোল জেলেই ছিলেন তিনি।
কিন্তু বুধবার বিকেলে আচমকাই বুকে ব্যথা শুরু হয় জিতেন্দ্রর। প্রথমে জেল হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়েই আসানসোল জেলা হাসপাতালে পাঠান। রাতভর সেখানেই চিকিৎসা চলে তাঁর।
বৃহস্পতিবার সকালে বেশকিছু পরীক্ষা করা হয় বিজেপি নেতার। সেইসব রিপোর্ট হাতে পাওয়ার পরেই আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকেরা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। এদিন সন্ধেবেলা সেখানে ভর্তি করা হয়।
সার্জারি ও মেডিসিনের চিকিৎসকেরা বারবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। বেশকিছু পরীক্ষাও করা হয়। কিন্তু রিপোর্ট আশানুরূপ না হওয়ায় কলকাতায় রেফার করেন চিকিৎসকেরা।
বিজেপি নেতার শারীরিক অবস্থার খবর পেয়ে এদিন সন্ধে থেকেই বর্ধমান হাসপাতালের বাইরে ভিড় বাড়তে থাকে দলীয় কর্মী সমর্থকদের। বিজেপির জেলা নেতৃত্বের বেশ কয়েকজন নেতানেত্রী এসে দেখা করে গেছেন হাসপাতালে। তাঁর সঙ্গে সবসময় রয়েছেন তাঁর স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি।
জিতেন্দ্রর বুকে ব্যথা কমছেই না, আসানসোল থেকে পাঠানো হল বর্ধমান মেডিক্যাল কলেজে