
শেষ আপডেট: 7 September 2022 18:12
দ্য ওয়াল ব্যুরো: সুনীলের গল্প। সত্যজিতের (Satyajit Roy) পরিচালনা। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি 'অরণ্যের দিনরাত্রি (Aranyer Dinratri)।' কলকাতার চার বন্ধুর পালামৌ ভ্রমণের কাহিনী আবার ফিরতে চলেছে সিলভার স্ক্রিনে, সৌজন্যে অরুণ রায় (Arun Roy)। এক সত্যজিতের কিংবদন্তি সেই ছবিতে (movie) অভিনয় (acting) করতে চলেছেন আর এক 'সত্যজিৎ।'
সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি ছবির অসীম, হরি, সঞ্জয় এবং শেখরকে বড় পর্দায় ফেরানোর কথা বুধবার ঘোষণা করেছেন পরিচালক অরুণ রায়। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন অরুণ। যদিও এই ছবিকে 'রিমেক' বলতে নারাজ তিনি। তাঁর দাবি, ২০২২ সালের প্রেক্ষাপটে ৫২ বছর আগের অত্যন্ত জনপ্রিয় এই ছবিকে তুলে ধরতে চাইছেন তিনি। দর্শকের মন জিতে নেবেই নেবে ছবিটি, নিশ্চিত অরুণ।
নয়া ছবিতে অভিনয় করবেন 'অপরাজিত' খ্যাত জিতু কমল (jeetu kamal)। অনীক দত্তের অপরাজিত ছবিতে প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন জিতু। তাঁর লুক থেকে অভিনয়, সবকিছুই সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। সেই জিতুকেই এবার দেখা যাবে পালামৌয়ের জঙ্গলে। সত্যজিতের সঙ্গে আবারও নাম জোড়ার সুযোগ পেয়ে দারুণ উত্তেজিত জিতু। ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় এবং অনুষ্কা চক্রবর্তী-সহ আরও অনেককে।
এর আগে 'আট বারো', 'হীরালাল' ইত্যাদি ছবি পরিচালনা করেছেন অরুণ। সেসব ছবি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। নতুন ছবিটির শুটিং শুরু হবে কয়েক মাস পর। পরের পুজোর আগেই ছবিটির মুক্তির বিষয়ে আশাবাদী পরিচালক-সহ ছবিটির নির্মাতারা।
‘কেরিয়ার নিয়ে উচ্চাকাঙ্খা নেই, রান্নাঘরই ভালবাসা’! শুভশ্রীর কথা শুনে পাশে দাঁড়ালেন পরমব্রত