
শেষ আপডেট: 19 June 2022 04:13
দ্য ওয়াল ব্যুরো: জামুরিয়ায় রবিবার সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড (Jamuria Fire)। পুড়ে ছাই ইসিএলের চারটি বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার। গোটা এলাকায় বিপণ্ন বিদ্যুৎ পরিষেবা।
জানা গেছে রবিবার সকালে হঠাৎ জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির ১১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর বাজারে মাছপট্টি এলাকায় আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ইসিএলের (ECL) চার-চারটি ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে বলে খবর। ওই ট্রান্সফর্মার দিয়ে জামুরিয়ার তিনপটিয়া, নিউ সেন্টার এবং স্টাফ কোয়ার্টার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হত। ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা প্রকট হবে বলে আশঙ্কা। ক্ষতিগ্রস্ত হবেন এলাকায় বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকাল ৬টা নাগাদ একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ওই অংশে থাকা আরও তিনটি ট্রান্সফর্মারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। দ্রুত খবর যায় শ্রীপুর পুলিশ ফাঁড়িতে। তারাই দমকল ডাকে।
প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। তাদের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ওই চারটি ট্রান্সফর্মারের সমস্ত যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ডাঃ আরিফ আলি জানিয়েছেন ইসিএলের ঊর্ধ্বতন কর্তারা কেউ এখনও এলাকায় এসে পৌঁছয়নি। ইসিএলের তরফেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বৃষ্টির রাতে দরজা ঠেলে ঘরে ঢুকল হাতির পাল! জলপাইগুড়ির গ্রামে সে কী কাণ্ড