
শেষ আপডেট: 10 September 2023 18:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির হয়েছিলেন বৃদ্ধা। কিন্তু সাপের দংশনের চিহ্ন পাওয়া যাচ্ছিল না তাঁর শরীরে। পরে পরিবেশকর্মীকে ডেকে সাপটিকে চিহ্নিত করতে পারায় প্রাণে বাঁচলেন বৃদ্ধা। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির (Jalpaiguri Snake) হাসপাতালে।
বিশ্বজিৎ দত্ত জানান, বিষধর সাপের প্রজাতির মধ্য অন্যতম কৃষ্ণকালাচ সাপ। এটি কামড়ালে মুহূর্তের মধ্যেই দংশনের দাগ মিলিয়ে যায়। এর দাঁত অনেকটা পুঁটিমাছের মতো সরু। তাই কামড়ালে কোনও ব্যথা হয়না। এই সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা বিভ্রান্ত হয়ে যান। অনেক সময় চিকিৎসায় দেরি হওয়ার রোগীর মৃত্যু হয়। কিন্তু এক্ষেত্রে সাপটিকে চিহ্নিত করতে পারায় দ্রুত চিকিৎসা শুরু করতে পেরেছিলেন ডাক্তাররা। তাই মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছে।
বিশ্বজিৎবাবুর দাবি, তাঁরা সাপ নিয়ে হাসপাতালে হাজির হওয়ার বিষয়টা একেবারেই সমর্থন করেন না। কিন্তু এক্ষেত্রে বিষয়টি সম্পর্কে অন্যরকমের অভিজ্ঞতা হল। সাপটিকে হাসপাতালে না নিয়ে গেলে বৃদ্ধার চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যেত। তাতে বিপত্তি ঘটে যেতে পারত।
ওই পরিবেশপ্রেমী জানান, সাপটি দীর্ঘক্ষণ ধরে বস্তাবন্দি থাকায় অসুস্থ হয়ে পড়েছিল। গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাই শুশ্রূষা করার পর সাপটিকে পরিবেশের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পণে ফ্রিজ না পেয়ে বধূকে খুনের অভিযোগ! পুলিশের জালে স্বামী-সহ ৫