
শেষ আপডেট: 8 March 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, সফল পুরুষের পিছনে যেমন নারীর অবদানের কথা শোনা যায়, ঠিক তেমনই নারীর সাফল্যেও থাকে পুরুষের সহযোগিতা। দু’জনেই একে অপরকে প্রতিটি কাজে, প্রতি মুহূর্তে উৎসাহ যোগান। ঠিক যেমনটা ব্যক্ত করেছেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। নারী দিবসে স্বামীর পাঠানো বার্তা সকল মহিলাদের জন্য তুলে ধরেছেন তিনি।
কর্মসূত্রে জেলার বাইরে রয়েছেন জলপাইগুড়ি জেলাশাসকের জীবনসঙ্গী। কিন্তু নারী দিবসে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। স্বামীর পাঠানো বার্তা নিজের মধ্যে আবদ্ধ রাখেননি তিনি। অন্যান্য মহিলাদের অনুপ্রেরণা জোগাতে স্বামীর সেই শুভেচ্ছা বার্তা এদিন সকলের সামনে পড়ে শোনান জেলাশাসক।
পারভিনের স্বামী লিখেছিলেন, "যে বাড়ি দেখে সে জেলাও চালায়। যে বাচ্চাকে পড়ায় সে নির্বাচনও করায়। যে ওখানকার বাড়ি দেখে এখানকার বাড়ির চিন্তাও তাঁর মাথায় থাকে। মাকে দেখে। মেয়েকে দেখে। বোনকে দেখে। মনের দুশ্চিন্তা মনে থাকে। নিজে কাজ করে টাকা অর্জন করে। আবার অনেককে সাহায্যও করে। অনেকের আশা, অনেকের ভরসা। অনেকে আবার ওর মতো হতে চায়। ও কিন্তু এ। হ্যাপি উইমেন্স ডে।"
শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জেলাশাসক শামা পারভিন। নারী দিবস উপলক্ষে নিজের জীবনের বিশেষ পুরুষটির পাঠানো বার্তাটি এদিন সকলের সামনে পাঠ করেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক বলেন, "আসলে এই বার্তা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা একদিকে সরকারী কাজকর্ম দেখছেন, পাশাপাশি নিজের সংসার দেখছেন এই বার্তা তাঁদের সকলের জন্যও। তাই আমাকে পাঠানো বার্তাটি শেয়ার করে নিলাম।”
শুধু স্বামীর বার্তাই নয়, জেলাশাসক নিজেও উপস্থিত মহিলাদের ভালো থাকার ‘মন্ত্র’ শোনান। আসলে ঘরে বাইরের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময়েই মেয়েরা নিজেদের খেয়াল রাখতে গাফিলতি করেন। নিজের ছোট ছোট ইচ্ছাকে অগ্রাধিকার দিতে ভুলে চান। তাই পারভিনের কথায়, “যাই করুন না কেন, নিজের জন্য সময় বার করুন। নিজেকে সময় দিন, ভালোবাসুন।”
এদিন বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। পুরস্কৃত হয়েছেন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা, শিক্ষিকা, মহিলা সাংবাদিক, এছাড়া মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররাও।