
শেষ আপডেট: 20 October 2022 06:24
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরে (Ichapur)। বদ্ধ ফ্ল্যাটে আগুন লেগে নিজেরই বাড়িতে পুড়ে মৃত্যু হল (burnt alive) এক ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে ইছাপুর আনন্দমঠ হরিসভা অঞ্চলে নোয়াপাড়া পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রঞ্জিত ধর চৌধুরী। ওই এলাকার একটি ফ্ল্যাটে নিজের ভাই বরুণ ধর চৌধুরীর সঙ্গে থাকতেন ৭২ বছর বয়সি রঞ্জিতবাবু। তিনি ফুড কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গেছে। সূত্রের খবর, গত ১২ বছর ধরেই হাঁটতে পারেন না রঞ্জিতবাবু। বুধবার বাড়ির কাজকর্ম সেরে যথারীতি নিজের বাড়িতে চলে যান পরিচারিকা। তারপর রঞ্জিতবাবু বাড়িতে থাকার সময়েই দরজায় তালা দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যান বরুণবাবু। তখনই বদ্ধ ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা।
বাইরে তালা দেওয়া থাকায় ইট দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন আবাসনের অন্যান্যরা। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানা এবং দমকলকে। দমকলকর্মীরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকেই রঞ্জিতবাবুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তাঁর মৃতদেহ ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। রঞ্জিত ও বরুণবাবুর আত্মীয়দের দাবি, রঞ্জিতবাবু ধূমপান করতেন। তাছাড়া ঘরে মশা মারার ধূপও জ্বালানো ছিল বলে দাবি করেছেন তাঁরা। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
নগ্ন ছবি দেখিয়ে বারবার ব্ল্যাকমেল, মোটা টাকা দাবি, হরিদেবপুরে আত্মঘাতী যুবক