দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের পেশাদার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অনেক বিধায়ক, মন্ত্রী নানবিধ কটুক্তি করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী।
কয়েকদিনে আগেই তিনি পিকের বিরুদ্ধে তোপ দেগেছিলেন।অথচ শনিবার তাঁর টিমের ডাকে দুয়ারে সরকার কর্মসূচিতে যোগ দেন। তারপরই প্রশ্ন ওঠে রাগ গলে কি জল হয়ে গেল?
তিনি বলেন, "পিকের লোকেরা নিজেরা প্রোগ্রাম ঠিক করে। আর তারা চায় আমরা চাকর বাকরের মতো তাদের পেছনে ঘুরে বেড়াই।" কলকাতার পর এবার জলপাইগুড়ি তে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ফের বিষোদগার করে গেলেন ময়নাগুড়ি তৃনমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। ঘটনায় ফের অস্বস্তি বাড়ল তৃনমূলের অন্দরে।
শনিবার জলপাইগুড়ি তৃনমূলের কোর কমিটির বৈঠকের পর সার্কিট হাউসে পর্যটন মন্ত্রী গৌতম দেবের সাথ দেখা করতে যান অনন্তদেব অধিকারী। এদিন সার্কিট হাউসে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি বলেন পিকে টিম নিজের মতো করে কর্মসূচি ঠিক করছেন। আর আমরা তাদের পেছনে চাকর বাকরের মত ঘুরছি। তাঁর সাফ কথা পিকের টিমের কথায় পাত্তা দিই না। আমরা বহুদিন ধরে নির্বাচন করছি। কারও পরামর্শের প্রয়োজন নেই।
সম্প্রতি কলকাতায় এই নিয়ে মুখ খোলেন ময়নাগুড়ির বিধায়ক। জানান তার বক্তব্যের পর পিকের টিম তার সাথে কথা বলেছেন। তবে পিকের কথাকে তিনি কোনও গুরুত্ব দিচ্ছেন না বলেই এদিন পরিষ্কার জানান অনন্তদেব অধিকারী।