
শেষ আপডেট: 22 March 2022 08:17
দ্য ওয়াল ব্যুরো: গতবছরের বর্ষা বিদায় নিয়েছে বহুদিন, পরের বর্ষাও এসে পড়ল বলে (Howrah)। এদিকে খটখটে রোদের মধ্যেও লিলুয়ার ৬৬ নং ওয়ার্ডের রামলাল ঘোষ লেন, কুমোরপাড়া, দেবী পাড়ায় এখনও জল থইথই। যন্ত্রণার হাত থেকে আজও রেহাই মেলেনি বাসিন্দাদের।
রামপুরহাটে পুড়িয়ে মারার ঘটনায় মামলার অনুমতি দিল হাইকোর্ট
এলাকার বিস্তীর্ণ অঞ্চল এখনও ঘন কালো পচা জলে ডুবে রয়েছে। তারই মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। এক দু'দিন নয়, প্রায় চার বছর ধরে এই একই যন্ত্রণায় ভুগছেন তাঁরা। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, যেহেতু ওই অঞ্চলে বিজেপির দাপট বেশি, তাই ওখানে কাজ হবে না বলে জানিয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগের তির প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলের দিকে। আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যদিও প্রাক্তন পুরপিতা নারায়ন মজুমদারের দাবি, এই অভিযোগ সত্যি নয়। দীর্ঘদিন ধরে পুরবোর্ড নেই। ফলে আর্থিক সংকট রয়েছে, কাজ করা যাচ্ছে না। অন্যদিকে প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদের দাবি, রাজ্যপালের জন্যই ভোট হয়নি।
রাজনৈতিক জটের জন্যই এই জল যন্ত্রণা এতদিন ধরে বহাল, এমনটাই দাবি স্থানীয়দের। এলাকার পচা জল বের করা নিয়ে কোনও পক্ষেরই তেমন হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ।