
শেষ আপডেট: 15 October 2023 16:28
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: নদীর কাছ থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ারে। রবিবার সকালে দেহটি দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম গৌরব মুখোপাধ্যায়। আলিপুরদুয়ারের একটি তিনতারা হোটেলে বাউন্সারের চাকরি করতেন। গৌরবের বাড়িও আলিপুরদুয়ারের নবীন ক্লাব এলাকায়। রবিবার সকালে কালচিনির ডিমা নদীর ব্রিজের ধারে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতাল পাঠায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গৌরবের পরিবারের দাবি, ছেলেকে পরিকল্পনা করে গুলি করে খুন করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, গৌরবের তেমন কারও সঙ্গে শত্রুতা না থাকলেও জিমের কয়েকজনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না।
আত্মীয়রা জানিয়েছেন, শনিবার রাতে হোটেল থেকে ছুটি পাওয়ার পরে গৌরব বাড়িতে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাড়িতে ফিরছেন। কিন্তু অনেকটা রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। ফোনও করেননি। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের লোকজন। পরে পুলিশেও বিষয়টি জানান তাঁরা। ভোরে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছয়। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা মুখোপাধ্যায় পরিবার।
হোটেলের সহকর্মী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ।