
শেষ আপডেট: 31 March 2023 13:11
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। রোদের দেখা মেলেনি বললেই চলে। বরং মেঘেই ঢাকা থেকেছে আকাশ। এরইমধ্যে আবহাওয়া দফতর জানাল, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি (heavy rainfall) আসছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। শুধু তাই নয়, গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কতা (yellow alert) জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু-তিনঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। এই প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে শুধু দক্ষিণে নয়, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই ঝড়-বৃষ্টি চলবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে উত্তরে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি।
হাওড়া নিয়ে অমিত শাহের ফোন রাজ্যপালকে, আনন্দ যাবেন শিবপুরে, জানালেন শুভেন্দু