
শেষ আপডেট: 5 April 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) রাজ্যজুড়ে যে বিক্ষিপ্ত অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে সে ব্যাপারে আগেই উদ্বেগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ ব্যাপারে উদ্বেগ রয়েছে উচ্চ আদালতেরও (High Court)। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবারের উৎসব নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে পারবে না।
হাইকোর্টের মতে, সামগ্রিক পরিস্থিতির বিচারে বৃহস্পতিবারের উৎসব নিয়ে স্পর্শকাতরতা রয়েছে। তাই কোনও রাজনৈতিক ব্যক্তি বা নেতা হনুমান জয়ন্তী নিয়ে যেন প্রকাশ্যে কোনও মন্তব্য না করেন। সাধারণ মানুষের জন্যও এই একই শর্ত প্রযোজ্য। অর্থাৎ রাজনৈতিক নেতা না হলেও কোনও সাধারণ মানুষ যদি এই উৎসব পালনের ব্যাপারে প্রকাশ্যে কোনও উস্কানিমূলক বা প্ররোচনামূলক মন্তব্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ।
এর আগে হাওড়া ও রিষড়ার ঘটনাতেও দেখা গিয়েছে যে বেশ কিছু লোক সোশাল মিডিয়ায় নানারকম ভিডিও ফুটেজ ছড়াতে শুরু করে দিয়েছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট করে উস্কানিমূলক কথা বললেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার মূল কথা হল শান্তি বজায় রাখা। সে ক্ষেত্রে নাগরিকদের একটা বড় ভূমিকা অবশ্যই রয়েছে। তা হল সংযম দেখানো। অযথা বা ভিত্তিহীন কথা বা গুজব না ছড়ানো।
কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, মহানগরীতে হনুমান জয়ন্তীর কোনও মিছিলে ১০০ জনের বেশি থাকতে পারবে না। যাঁরা মিছিলে অংশ নেবেন তাঁদের নাম স্থানীয় থানায় জমা দিতে হবে। মিছিলের স্বেচ্ছাসেবক সবিস্তার পরিচয় জানাতে হবে পুলিশকে। চিরাচরিত ভাবে যে হনুমান জয়ন্তীর মিছিল বেরোয়, তাদের ছাড়া আর কাউকে অনুমতি দেওয়া হবে না।
নতুন বছরে নতুন শব্দ মমতার, ‘শুভনন্দন’, দিঘার দু'টি বিচের নামকরণও করলেন