.jpg)
শেষ আপডেট: 30 November 2023 21:48
দ্য ওয়াল ব্যুরো: একে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবারও নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পৌরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি সহ রাজ্যের ৭টি জেলায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যেই রাজ্যের এক স্কুলে চূড়ান্ত অচলাবস্থার কথা প্রকাশ্যে এল। জানা গেল, হেড স্যার গত দু বছর ধরে ঠিক মতো স্কুলে আসেন না। আর এলেও মদ খেয়ে। সেই ঘটনার প্রতিবাদ এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।
ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক গত দু'বছর ধরে ঠিকমতো স্কুলে আসেন না। ইচ্ছেমতো যাতায়াত তো লেগেই রয়েছে, সেই সঙ্গে যদিও বা স্কুলে আসেন, তাও আবার মদ্যপ অবস্থায়। এছাড়া পড়ুয়াদের ঠিক করে মিড ডে মিলও দেন না তিনি।
বিস্তর অভিযোগ নিয়ে আগে একাধিকবার স্কুল পরিদর্শক এবং বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন বলে দাবি অভিভাবকদের। কিন্তু পড়াশোনার মান ফেরাতে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানা গেছে। এরপর একপ্রকার বাধ্য হয়েই পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন সকলে। অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করার দাবিও তোলেন তাঁরা।
স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রকারান্তরে অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই খবর কানে যেতেই ছুটে আসেন ইসলামপুর দক্ষিণ চক্রের স্কুল পরিদর্শক বেলাল হোসেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। সকলে মিলে ক্ষোভে ফুঁসতে থাকা অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসআই বেলাল হোসেন পুরো বিষয়টি খতিয়ে দেখে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে রিপোর্ট দেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। গেট থেকে তালা খুলে ফের চালু হয় স্কুল।