দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় যৌনকর্মীদের টিকাকরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে গত ২৫ জুন থেকেই যৌনকর্মীদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ডঃ শশী পাঁজা টালিগঞ্জের ইজাতুল্লাহ লেনের মিলন তীর্থ ক্লাব থেকে এই প্রকল্পের সূচনা করেছেন। ওইদিনই টিকা পেয়েছেন এলাকার ১৩৯ জন যৌনকর্মী।
এরপর সোনাগাছি, জোড়াবাগান, রামবাগান এলাকায় যৌনকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে গতকাল। এই টিকাকরণ কেন্দ্রের উদ্বোধনেও উপস্থিত ছিলেন ডঃ শশী পাঁজা। গতকাল ওই ক্যাম্প থেকে টিকা পেয়েছেন মোট ২৯৫ জন যৌনকর্মী। অতিমারী পরিস্থিতিতে সঠিক সময়ে টিকা নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতাও প্রচার করেছেন শশী পাঁজা।
টালিগঞ্জ এবং মসজিদ বাড়ি স্ট্রিট, দুই টিকাকরণ কেন্দ্রেই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে যৌনকর্মীদের। গোয়েঙ্কা কলেজে একইরকম কেন্দ্রের আয়োজন করা হয়েছে আজ থেকে টানা ১ জুলাই পর্যন্ত। ১ হাজার ১৮০ জন মহিলা যৌনকর্মীকে টিকা দেওয়া হবে ওই ক্যাম্প থেকে। এছাড়া গোয়েঙ্কা কলেজের বিশেষ ক্যাম্প থেকে টিকা পাবেন আরও ৮০ জন তৃতীয় লিঙ্গের মানুষ।
সরকারের সঙ্গে এই কাজে হাত লাগিয়েছে যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি। সংগঠনের সভানেত্রী ভারতী দে জানিয়েছেন, যেখানে যেখানে যৌনকর্মীরা রয়েছেন সেই সব জায়গাতেই শুরু হয়েছে টিকাকরণ। জেলায় জেলায় এর আয়োজন করছেন বিডিওরা।কলকাতায় পুরসভা এবং রাজ্য সরকারের উদ্যোগে টিকাকরণ হচ্ছে। সরকারকে সহযোগিতা করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি।'
সোনাগাছি এলাকায় প্রায় ৭ হাজারের কাছাকাছি যৌনকর্মী রয়েছেন। এছাড়া বউবাজার এলাকায় আড়াই হাজার, চেতলা এবং কালীঘাটে হাজার খানেক, খিদিরপুর অঞ্চলে রয়েছেন ৭০০ যৌনকর্মী। গোটা রাজ্যে যৌনকর্মীদের সংখ্যা প্রায় ৭০ হাজার। জানা যাচ্ছে এঁদের অন্তত এক তৃতীয়াংশ করোনাকালে বাড়ি ফিরে গিয়েছেন। তাঁদের উদ্দেশেও ভ্যাকসিন নেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। স্বতন্ত্র উদ্যোগে সম্ভব না হলে সরকারি ক্যাম্পে এসে টিকা নিতে বলা হয়েছে তাঁদের। এক্ষেত্রে দুর্বার মহিলা সমন্বয় কমিটির কার্ড দেখালে টিকা নিতে অসুবিধা হবে না।