দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের ভাঙন তৃণমূলে।
রবিবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন টিটাগড় পুরসভার দাপুটে কাউন্সিলর মনীশ শুক্ল-সহ শাসক দলের চার কাউন্সিলর। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং উপস্থিত ছিলেন এই শিবিরবদল কর্মসূচিতে।
টিটাগড় পুরসভার মোট আসন সংখ্যা ২৩। এর মধ্যে দুটি আসন থেকে দাঁড়িয়েছিলেন মনীশ। ৭ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন এই দাপুটে নেতা। নিয়মানুযায়ী পরে ৭ নম্বর ওয়ার্ড থেকে ইস্তফা দেন তিনি। ফলে এখন টিটাগড়ের মোট পুরপ্রতিনিধি ২২। এরমধ্যে বামেদের তিনজন।
চার কাউন্সিলর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর এখন তৃণমূল ১৫। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। কিন্তু তবুও বোর্ড ভাঙার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।
মনীশ শুক্ল দীর্ঘদিনের নেতা। গত কয়েক বছরে একাধিক সংঘর্ষের ঘটনায় তাঁর নাম শিরোনামে এসেছিল। ২০১০-এর ডিসেম্বরে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের মনোনয়ন পর্বে গুলি চালানোর ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে গ্রেফতারও হতে হয় তাঁকে। পরে অবশ্য জামিন পান তিনি।
রাজনৈতিক মহলের মতে, মনীশকে দিয়েই পুরবোর্ড দখলের চেষ্টা করবে বিজেপি। এ দিন অর্জুনও প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন, "কয়েক দিনের মধ্যেই টিটাগড় আর ব্যারাকপুর পুরসভার দখল নেবে বিজেপি।" যদিও তৃণমূলের দাবি টিটাগড় পুরসভা তাদের দখলেই থাকবে।