দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: কোভিড পজিটিভ এক রোগীর সংস্পর্শ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কোয়ারেন্টাইনে পাঠানো হল আলিপুর জেলা স্বাস্থ্যদফতরের এক সর্বোচ্চ কর্তা-সহ চারজনকে। দিল্লির এইমস থেকে পাঁচ রোগীকে অ্যাম্বুল্যান্সে করে ফিরিয়ে আনা হচ্ছিল আলিপুরদুয়ারে। তাঁদের চারজনের শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই রোগীদেরই একজনের সংস্পর্শ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
যদিও জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, দিল্লি ফেরত রোগীদের সতর্কতার সঙ্গেই নিয়ে আসা হচ্ছিল, তাই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। তবে আশঙ্কা একটা থেকেই যায়। তাই সুরক্ষার জন্যই চারজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গত ২৭ এপ্রিল দিল্লির এইমস থেকে পাঁচ রোগীকে আলিপুরে ফেরানো হচ্ছিল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই রোগীদের জেলারই একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে চারজনের শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই রোগীদের কাছাকাছি যাঁরা গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের এক কর্তা, চিকিৎসক-সহ চারজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেছেন, “দিল্লি ফেরত রোগীদের আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছিলাম। তাঁদের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। তবে স্বাস্থ্য দফতরের কয়েকজন ওই রোগীদের সংস্পর্শে আসায় তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।”
সূত্রের খবর, চারজন কোভিড পজিটিভ রোগীর মধ্যে দু’জন আলিপুরদুয়ারের বাসিন্দা, বাকি দু’জন কোচবিহারের।
উল্লেখ্য, গতকালই করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীর থেকে রোগ ছড়ানোর আশঙ্কায় কলকাতা থেকে উত্তরবঙ্গে পাঠানো গোটা মেডিক্যাল টিমকেই যেতে হয়েছে কোয়ারেন্টাইনে। উত্তরবঙ্গে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কলকাতা থেকে পাঠানো হয়েছিল ২৮ জন স্বাস্থ্যকর্মীকে।কিন্তু উত্তরবঙ্গে পৌঁছানোর পর বিশেষজ্ঞদেরই একজনের শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। ফলে বাকিদের কোয়ারান্টাইনে যেতে হয়। এমনকি বাসকর্মীরাও কোয়ারান্টাইনে গিয়েছেন বলে খবর।