করোনা ও নগর অর্থনীতি নিয়ে বই লিখছেন অশোক ভট্টাচার্য, উন্মোচন করবেন সৌরভ
দ্য ওয়াল ব্যুরো: করোনা ও শহরের অর্থনীতি নিয়ে বই লিখতে চলেছেন প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। পুজোর আগেই সেই বই প্রকাশ হবে। সোমবার শিলিগুড়ির পুর প্রশাসক জানিয়েছেন, সেই বইয়ের উন্মোচন করবেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট
শেষ আপডেট: 4 October 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনা ও শহরের অর্থনীতি নিয়ে বই লিখতে চলেছেন প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। পুজোর আগেই সেই বই প্রকাশ হবে। সোমবার শিলিগুড়ির পুর প্রশাসক জানিয়েছেন, সেই বইয়ের উন্মোচন করবেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন কলকাতায় ছিলেন অশোকবাবু। সৌরভও এখন শহরে রয়েছেন। অশোকবাবু কলকাতায় রয়েছেন শুনে দেখা করতে চলে যান তাঁর সঙ্গে। মাঝে বর্ষীয়ান বাম নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর এই প্রথম উত্তরবঙ্গের বাইরে পা রাখলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য।
অশোকবাবু বলেন, "সৌরভ আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন। আমার পরিবারের সদস্যদেরও অনেক দিন ধরে উনি চেনেন। তাঁদের কথাও জিজ্ঞেস করেন। শিলিগুড়ি যেতে পারছেন না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন।"

বইয়ের ব্যাপারে অশোক ভট্টাচার্য বলেন, "ওঁকে বইয়ের কথা বলতেই উন্মোচন করতে রাজি হয়ে যান। পুজোর আগে কলকাতার কোথায় সেই বইপ্রকাশ হবে তাও সৌরভ ঠিক করবেন বলে জানিয়েছেন অশোকবাবু।
এমনিতে অশোকবাবুর সঙ্গে সৌরভের সম্পর্ক দীর্ঘদিনের। শিলিগুড়িতে গেলেই অশোকবাবুর বাড়িতে লাঞ্চ অথবা ডিনার বাঁধা মহারাজের। প্রসঙ্গত, অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই সচিব এবং সৌরভ সভাপতি হওয়ার পর অনেক বাম সমর্থক যখন প্রাক্তন ভারত অধিনায়ককে গেরুয়া শিবিরের লোক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই ইডেনে অনুষ্ঠিত গোলাপি বলের দিন রাতের টেস্ট ম্যাচে অতিথি টিকিট পাঠিয়ে দেন অশোক ভট্টাচার্যের জন্য।
অশোকবাবু সিপিএমের নেতা। অনেকের মতে, তিনি যখন করোনা আবহে শহরের অর্থনীতিকে ব্যাখ্যা করবেন বইয়ে তা যে বাম দৃষ্টিভঙ্গি থেকে হবে তা বলাইবাহুল্য। তাৎপর্যপূর্ণ হল, সেই বইয়ের মলাট উন্মোচন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।