
শেষ আপডেট: 10 July 2022 04:55
দ্য ওয়াল ব্যুরো: মাছের খাবার তৈরির কারখানা গড়ে উঠছে বজবজে (Budge Budge)। দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম। উদ্যোগে ইতিমধ্যে সিলমোহর দিয়েছে রাজ্যের মৎস্য দফতর।
জানা যাচ্ছে, মাছের খাবার তৈরির অন্যতম মূল উপাদান হতে চলেছে আরেক মাছ। শুঁটকি। শুঁটকি মাছ দিয়েই মাছের খাবার তৈরি হবে বজবজের ওই কারখানায় (Fish Food Factory)। সেই সঙ্গে উপকরণের তালিকায় থাকবে চালের গুঁড়ো, আটা আর তেলও।
বজবজ ২ নম্বর ব্লকের বুড়ুলে একটি সমবায় সমিতি এই মাছের খাবার তৈরির কারখানার বরাত পেয়েছে। এই খাতে বরাদ্দ করা হয়েছে মোট ৯ লক্ষ টাকা। ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে সমবায় সমিতিকে। সেখানকার মহিলা কর্মীরা এই কাজ করবেন। এতে একদিকে যেমন মহিলাদের আয়ের উপায় হবে, অন্যদিকে রাজ্যের মৎস্যশিল্পও উঠবে ফুলেফেঁপে।
তেল, চাল, আটা আর শুঁটকি মাছ দিয়ে তৈরি মাছের এই বিশেষ প্রকার খাবার মাছেদের পুষ্টির ক্ষেত্রে দারুণ উপযোগী বলে মনে করা হচ্ছে। এতে মাছের আকার বাড়বে, জালে জড়াবে আরও বড় বড় রুই-কাতলা-তেলেভোলা। পুষ্টিকর এই খাবার খেয়ে মাছের উৎপাদনও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বস্তুত, দক্ষিণ ২৪ পরগনায় এখন যেখানে যেখানে মাছের চাষ করা হয়, সেখানে মাছেদের খাবার হিসেবে দেওয়া হয় খোল আর গোবর। এতে মাছের পুষ্টি তেমন হয় না। কিছুদিন পর ওই জলাশয়ের জলও আরও চাষের উপযোগী থাকে না। তাই গোবর, খোলের মতো মাছের খাবারে সমস্যা অনেক। কারখানায় পুষ্টিকর খাবার আলাদা করে তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনায় মাছ চাষ এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, কারখানায় কর্মরত মহিলারা প্রথমে শুঁটকি মাছের সঙ্গে তেল, আটা আর চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করবেন। তারপর তা প্যাকেটে ভরে মাছেদের খাবার হিসেবে বিক্রি করা হবে। মহিলাদের কর্মসংস্থানের পাশাপাশি এতে জেলার মৎস্যজীবীদের আয়ও বাড়বে বলে মত একাংশের। কারণ দক্ষিণ ২৪ পরগনায় মাছের খাবার তৈরির ব্যবস্থা না থাকায় অন্য জেলা থেকে তা কিনে আনতে হয়। তার বাড়তি খরচ বেঁচে যাবে এবার।
আরও পড়ুন: মিড-ডে মিলের রান্না সেরে পড়ুয়াদের অঙ্ক বোঝান, ভাইরাল ফারাক্কার ‘রাঁধুনি মাসি’