
শেষ আপডেট: 13 October 2022 02:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার রাতে বাঘের (tiger) আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোদপুরের (Sodepur) নাটাগড় এলাকায়। সূত্রের খবর, সেই প্রাণীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তিনি চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার গভীর রাতে সোদপুরের নাটাগড় এলাকায় অবিকল বাঘের মতো দেখতে একটি প্রাণীকে রাস্তায় দেখতে পান স্থানীয় কয়েকজন। সোদপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বাঘ কোত্থেকে আসবে, এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে সবার মধ্যে।
এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই বাঘ সদৃশ প্রাণীটিকে ধরতে বাঁশ, লাঠিসোটা নিয়ে একপাল মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েন। এলাকায় এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।
যদিও কেউ কেউ অভিযোগ জানিয়েছেন, বন দফতরকে খবর দেওয়া হলেও তাদের তরফ থেকে কেউ আসেনি। তাই শেষ অবধি স্থানীয় এক বাসিন্দা ওই প্রাণীটিকে ধরার চেষ্টা করতে যান। সেই সময় প্রাণীটি ওই বাসিন্দার উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে জখম করে। এরপরই পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গে আহত ওই ব্যক্তিকে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর এলাকার মানুষ ওই প্রাণীটির খোঁজে বাঁশ, লাঠি ও টর্চ নিয়ে তল্লাশি চালায়। কিন্তু ভোররাত অবধি তার খোঁজ মেলেনি। শেষ অবধি এলাকার বেশ কয়েকজন রাতপাহারায় বসেন।
দশমীর রাতে বেধড়ক মারা হয়েছিল, ৬ দিন পর কলকাতার হাসপাতালে মৃত্যু উত্তরপাড়ার রোহিতের