কলকাতা-সহ দক্ষিণবঙ্গ যখন বৃষ্টিতে বিপর্যস্ত, তখন উত্তরের বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেল চাষিরা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ যখন বৃষ্টিতে বিপর্যস্ত, তখন উত্তরের (North Bengal) বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেল চাষিরা (Farmer)। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতেই কৃষকদের মুখে হাসি।
শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলায় জমিতে নেমে পড়েছেন চাষিরা। চলছে ধান রোয়ার ব্যস্ততা।
চাষিদের কথায়, “বৃষ্টির জন্য অনেক দিন বসে ছিলাম। জমি শুকনো থাকায় রোয়া করা যাচ্ছিল না। এখন আর দেরি নয়।” সেইসঙ্গে চাষের কাজে হাত লাগিয়েছেন গৃহস্থ বাড়ির মহিলারাও। কোথাও কোথাও মহিলাদের ঢালাও রোয়া করতে দেখা গেল, যেন উৎসবের ছবি।
শুধু ধানই নয়, পাট চাষেরও উপকার হয়েছে এই বৃষ্টিতে। জল পেয়ে জোরকদমে চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ। বারোপাটিয়ার দেউনিয়া পাড়ায় শনিবার সকালেই পুকুর পাড়ে বসেছে পাট ছাড়ানোর মহিলা-মহাসভা। কেউ আঁশ ছাড়াচ্ছেন, কেউ তা ধুয়ে শুকোতে দিচ্ছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় চাষিরা আশা করছেন, এবার সময়মতো ফলন ভালো হবে।