
শেষ আপডেট: 5 April 2022 09:28
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কোষাগারের অবস্থা ভাল নয়, তাই খরচ কমানোর দিকে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন ফালাকাটা (Falakata) পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি। পুরভবনে যেতে সাইকেলই ভরসা তাঁর। চেয়ারম্যান (Chairman) হয়েই গাড়িতে চাপতে নারাজ তিনি!
সারাজীবন স্কুল শিক্ষক ছিলেন। বিষয় ছিল অর্থনীতি। ছেলে-মেয়েদের পড়াশুনা করিয়েই আনন্দ তাঁর। প্রতিদিন সাইকেল চেপেই স্কুলে যেতেন তিনি, অবসর নেওয়ার পর সেই অভ্যাস এখনও বহাল রেখেছেন। পুরসভার চেয়ারম্যান হয়েও সেই অভ্যাস পরিবর্তন করতে চান না প্রদীপবাবু।
সরকারি গাড়ি করে নয়, সাইকেলে করেই রোজ পুরসভায় যান প্রদীপবাবু। কিন্তু কেন? তাঁর কথায়, এতদিন অর্থনীতি পড়িয়ে এসেছেন তিনি, তাই লাভ-ক্ষতির হিসেব ভালই বোঝেন। যেহেতু ফালাকাটা পুরসভাটি একেবারেই নতুন, তাই সরকারি অর্থ বরাদ্দ হয়নি এখনও। তাই বুঝে শুনেই প্রথম থেকে পুরসভা চালাতে চান প্রদীপ মুহুরি। কীভাবে খরচ বাঁচানো সম্ভব তা নিয়েই হিসেব-নিকেশ করে চলতে চান তিনি।
তিনি আরও মনে করেন, 'চেয়ারম্যান হয়েই যদি গাড়ি করে যাতায়াত করা শুরু করি, তবে স্থানীয় মানুষেরা কী বলবে। যেহেতু এখনও পরিষেবা দিতে পারিনি সাধারণ মানুষকে, তাই নিজেদের খরচেও লাগাম রাখা উচিত।'
প্রসঙ্গত, ফালাকাটায় নতুন পুরসভা গঠিত হয়েছে। সম্প্রতি সমাপ্ত পুরসভা নির্বাচনে ১৮টি ওয়ার্ডেই জয় পেয়েছে তৃণমূল। বোর্ডও গঠন হয়েছে। সেই বোর্ডেরই চেয়ারম্যান হয়েছেন প্রদীপবাবু।
তাঁর এই পুরসভার সমস্যাগুলো দেখতে নিজেই সাইকেলে চেপে রোজ বেরিয়ে পড়েন তিনি। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুভাষ কলোনির বাসিন্দা তিনি। শুধু নিজের ওয়ার্ড নয়, সব ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সমস্যা শুনছেন তিনি।
বাবার কোলে চেপেই উচ্চ মাধ্যমিকে দেড় ফুটের পাপ্পু! মনের জোরেই কুপোকাত প্রতিবন্ধকতা