
শেষ আপডেট: 12 April 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকের কাছে নিজেকে পরিচয় দিত এনকাউন্টার স্পেশ্যালিস্ট (Encounter Specialist)। হুমকি-চুমকি দিয়ে হাতাতো টাকা-পয়সা, সুযোগ-সুবিধা। এই ভাবেই চলছিল 'ভুয়ো' পুলিশের (Fake Police) দৌরাত্ম্যা। বেশ কয়েকমাস ধরে নজর রাখার পর অভিযান চালিয়ে নকল পুলিশের পর্দাফাঁস করল খড়দহ থানা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম সুবীর বণিক। শ্যামনগরের আতপুর এলাকায় এই ব্যক্তির বাড়ি। তবে বেশ কয়েকদিন আগেই বাড়ি বদল করেছিল সে। স্ত্রীকে নিয়ে সোদপুর ভোম্বলা মোড়ের কাছে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিল। সেখানেও নিজেকে পুলিশ কর্মী হিসাবে পরিচয় দেয়।
পুলিশ জানিয়েছেন, ভুয়ো পুলিশ পরিচয়ে টাকা তোলার বেশ কয়েকটি অভিযোগ এসে পৌঁছে ছিল তাদের কাছে। অভিযুক্তকে চিহ্নিত করতে বাজার এলাকাগুলিতে নজর রাখছিল খড়দহ থানার পুলিশ। পরে সুবীরকে চিহ্নিত করতে পারে তাঁরা। প্রায় দু'মাস একই ভাবেই সুবীর উপর নজরদারি চালিয়ে গেছে পুলিশ।
এরপর মঙ্গলবার সন্ধেবেলায় বিটি রোড দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে । দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পারে, সুবীর নিজেকে এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসাবে পরিচয় দিয়ে তোলা আদায় করত। শুধু তাই নয়, বিশেষ সুবিধাও নিত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয় জানা চেষ্টা করছে পুলিশ।
ঘরে অস্বাভাবিক অবস্থায় পড়ে কিশোরী! ত্রিকোণ প্রেমের জেরে চরম পদক্ষেপ? উঠছে প্রশ্ন