
শেষ আপডেট: 21 February 2023 06:26
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ধূপগুড়ির পর এবার ময়নাগুড়িতে (Mainaguri) এসে গেল হাতি (Elephants)। মঙ্গলবার সকাল থেকে ময়নাগুড়ির ভোটপট্টি, পুঁটিমার, রাজারহাট-সহ বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুটি হাতি। ভোটপট্টি এলাকায় (bhotepotti area) একটি ঘর ভেঙেছে বলে জানা গিয়েছে।
বর্তমানে হাতি দুটি মাধবডাঙা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দিকে গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। রয়েছেন পরিবেশ কর্মীরাও।
সোমবার লোকালয়ে হাতি বের হওয়ার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ধুপগুড়ি ব্লকের ডাংধরি সরকার পাড়ায়। বাজারে ঢুকে পড়েছিল হাতি দুটি। ভরা বাজারে হাতি দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। দুর্ঘটনার আশঙ্কায় বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ধুপগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। কিন্তু তারই মধ্যে হাতির হানায় জখম হন কার্তিক ভাওয়াল নামে এক বাসিন্দা। ওই যুবক ধূপগুড়ি মধ্য বোড়াগাড়ির বাসিন্দা।
খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। তবে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতেই হাতির আনাগোনা লেগে থাকে বছরভর। এবার ময়নাগুড়ির ভোটপট্টি, পুঁটিমারের মতো মোটের উপর জনবহুল এলাকাতেও হাতির আনাগোনায় উদ্বেগ বেড়েছে বন দফতরের। হাতি দেখতে মানুষ ভিড় জমানোয় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই সতর্ক বন দফতর।
ট্রাক্টরে করে কাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু তিন শ্রমিকের, হাসপাতালে ১২ জন