
শেষ আপডেট: 24 July 2023 15:56
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তুমুল বৃষ্টি শুরু হওয়ায় বাইরে বাঁধা পোষা ছাগলগুলিকে ঘরে আনতে গেছিলেন। বাড়ির চৌকাঠ পেরতেই বাজ (Electrocution) পড়ে মৃত্যু হল এক বধূর। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের মুন্সিহাট গমোডেঙ্গি গ্রাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বধূর নাম শ্রাবন্তী পোরেল। ৩৬ বছরের শ্রাবন্তী বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন। সেই সময় আচমকাই আকাশ কালো করে আসে। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। উঠোনে বাঁধা ছিল বাড়ির পোষা ছাগল। ভয়ে তারা তারস্বরে চেঁচাচ্ছিল।
শ্রাবন্তীর স্বামী গুরুপদ পোরেল আলোর ঝলকানি দেখে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দেখেন শ্রাবন্তী মাটিতে পড়ে রয়েছেন। মাথার চুল পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঘরে ভেতরে ঢুকিয়ে আনা হয়। আহত শ্রাবন্তীকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করেন। তবে আরও অসুস্থ হয়ে পড়ে শ্রাবন্তী। বৃষ্টির মধ্যে তাঁকে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শ্রাবন্তীকে মৃত বলে ঘোষণা করেন। বধূর এই মর্মান্তিক মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছে গোটা পোরেল পরিবার। এলাকার মানুষও হতবাক।
আরও পড়ুন: নির্যাতিতাকেই গ্রেফতারের অভিযোগ! জামিন পেলেন মালদহের সেই দুই মহিলা