সবার জন্য পাসপোর্ট ২০২১ সালে, নয়া ভাবনা কেন্দ্রের
দ্য ওয়াল ব্যুরো: দেশের সব নাগরিকের পাসপোর্ট থাকবে। আর সেটা ২০২১ সাল থেকেই। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত সেই ই-পাসপোর্ট দেশের সব নাগরিকের জন্য ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকার এমন পরিকল্পনা করেছে বলে দাবি করেছে সর্বভারত
শেষ আপডেট: 13 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেশের সব নাগরিকের পাসপোর্ট থাকবে। আর সেটা ২০২১ সাল থেকেই। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত সেই ই-পাসপোর্ট দেশের সব নাগরিকের জন্য ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকার এমন পরিকল্পনা করেছে বলে দাবি করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ইকোনমিক টাইমস'।
আরও পড়ুন
ওই খবরে দাবি করা হয়েছে, আগামী বছরেই দেশের সব নাগরিকের জন্য ই-পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন যাদের পাসপোর্ট আছে তাদেরটাও বদলে যাবে। ২০২১ সালে পাসপোর্ট সংক্রান্ত নতুন পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে কেউ নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে তো বটেই, পুরনো পাসপোর্ট রি-ইস্যু করতে চাইলেও ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ-সহ ই-পাসপোর্ট পাওয়া যাবে।
১৩০ কোটি দেশবাসীর জন্য পাসপোর্ট তৈরি করা খুব সময়সাপেক্ষও হবে না। যে পদ্ধতির কথা ভাবা হয়েছে তাতে পরিকাঠামো নির্মাণ হয়ে গেলে ঘণ্টায় ১০ থেকে ২০ হাজার পাসপোর্ট বানিয়ে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের যে পরিকল্পনা তাতে, এই পদ্ধতিতে পাসপোর্ট জাল হওয়ার সম্ভাবনাও কমে যাবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কূটনৈতিক পর্যায়ে মাইক্রোপ্রসেসর চিপ ব্যবহার করে ২০ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে। সেটা করা হয়েছিল বিদেশ মন্ত্রকের সিপিভি ডিভিশন থেকে।পরীক্ষামূলক সেই উদ্যোগ সফল হওয়ার পরেই দেশের সব নাগরিকের জন্য একই রকম পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। তবে এটা সরাসরি সরকার করবে না। এর জন্য নির্দিষ্ট এজেন্সি নিয়োগ করা হবে। এজেন্সি নির্বাচনের কাজ করবে বিদেশমন্ত্রক এবং ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার। এর জন্য রিকোয়েস্ট অফ প্রোপোজাল (আরইপি) ইস্যু করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ওই আরইপি-তে বলা হয়েছে, খুব উন্নত পরিকাঠামো চাই ই-পাসপোর্ট তৈরির জন্য। কারণ, এটি আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচয়পত্রের কাজ করবে। এর সঙ্গে সুরক্ষার প্রশ্নও জড়িয়ে থাকবে।
ওই খবরে এমনটাও বলা হয়েছে যে, প্রাথমিক ভাবে দিল্লি এবং চেন্নাইয়ে ই-পাসপোর্ট তৈরি হবে। পরে দেশের সর্বত্র তৈরির পরিকাঠামো গড়ে তোলা হবে। এখন দেশে ৩৬টি প্রধান পাসপোর্ট অফিস রয়েছে। আগামী দিনে তার সবক'টিতেই মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত ই-পাসপোর্ট তৈরি করা যাবে।