
শেষ আপডেট: 28 August 2023 11:46
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরেই সামনে আসে আব্দুল মহিদের নাম (Duttapukur TMC leader huge property)। এই যুব তৃণমূল নেতার খোঁজে রবিবার রাতে তাঁর বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। কিন্তু পাওয়া যায়নি তাঁকে।
এলাকার মানুষের অভিযোগ, আব্দুল মাহিদের প্রশ্রয়েই দত্তপুকুরে অবৈধ বাজি ব্যবসার রমরমা। বছর চার-পাঁচ আগেও হতদরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন যিনি, সেই ব্যক্তির এখনকার সম্পত্তির বহর রীতিমতো তাকলাগানো।
স্থানীয় মানুষরা বলেন, “কেবিএম ভাটায় পাঁচ বিঘে জমির উপরে বেনামে বাজি কারখানা করেছেন তিনি। এছাড়াও এলাকায় বেনামে ৩০ থেকে ৫০ বিঘা জমির মালিকানা রয়েছে তাঁর। মহিদের বাড়ির সামনে একটা অবৈধ গ্যাসের গোডাউন আছে সেখানে অটো এবং চারচাকা গাড়িতে গ্যাস ভরা হয়। খুব অল্প সময়ের মধ্যেই আয়ের হাজার উৎস খুঁজে নিয়েছেন তিনি।“
দত্তপুকুর থানার একজন কর্মীর সঙ্গে তাঁর যোগসাজসের কথাও ঘুরছে লোকের মুখে মুখে। তাঁর সমস্ত কর্মকাণ্ডই ওই পুলিশকর্মী জানেন বলেও তাঁদের দাবি। ব্যবসায়ে দুজনের অংশীদারিত্ব নিয়েও নানা কথা ছড়িয়েছে। সব মিলিয়ে শাসকদল আর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে দত্তপুকুর। পুলিশ-প্রশাসন সক্রিয় হলে এমন পরিস্থিতি ঠেকানো যেত বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: নেই পড়ুয়া, নিয়োগ দুর্নীতির মাঝেই বন্ধ হতে বসেছে ৮ হাজারের বেশি প্রাথমিক-মাধ্যমিক স্কুল