
শেষ আপডেট: 10 April 2023 03:40
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে (Asansol) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি নেতার (bjp leaders)। ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। তাতেই মৃত্যু হয় বাবলু সিং (৩৮) এবং মহেন্দ্র সিং (৩৭) নামে দুই বিজেপি নেতার। আপাতভাবে দূর্ঘটনায় মৃত্যু হলেও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপির নেতারা। তাঁরা এই নিয়ে তদন্তের দাবি তুলেছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত নটা নাগাদ বারাবনি থানার আমডিহা পেট্রোল পাম্প এর কাছে। সূত্রের খবর, এদিন বাইকে করে দু'নম্বর জাতীয় সড়ক দিয়ে আসানসোল থেকে গৌরান্ডি যাচ্ছিলেন মহেন্দ্র এবং বাবলু। সেই সময় পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোচ্ছিল ডাম্পারটি। বাবলু-মহেন্দ্রর বাইকে সজোরে ধাক্কা মারে সেটি। ছিটকে পড়েন বাইকের দুই সওয়ারিই। ডাম্পারটি পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বারাবনি থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবলু সিংকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মহেন্দ্রকে স্থানান্তরিত করা হয় আসানসোল এইচএলজি-তে। পরে সেখানে তাঁরও মৃত্যু হয়।
জানা গেছে, মৃত দুজন পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের দাসকেয়ারী সিনহাপাড়ার বাসিন্দা। দুজনেই পেশায় ঠিকাদার ছিলেন। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বাবলু এবং মহেন্দ্র। তাঁদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আসানসোলের বিজেপি নেতৃত্ব। বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে এবং রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দাবি, মৃত দুই কর্মী গ্রামে তাঁদের নিজেদের বাড়িতে থাকতে পারতেন না। রবিবার বাবা মার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। ফেরার সময়েই দুর্ঘটনা ঘটে। যদিও এটি আদৌ দুর্ঘটনা না খুন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকী, এই বিষয়ে পুলিশের উপরেও আস্থা নেই বলেই দাবি কৃষ্ণেন্দু এবং দিলীপের।
সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে দুটি দেহেরই ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফিরছে কোভিড! চিকিৎসা ব্যবস্থার হাল খতিয়ে দেখতে মক ড্রিল শুরু সোমবার থেকে