দ্য ওয়াল ব্যুরো, বরানগর: স্কুল খুলতে আর কয়েকদিন বাকি। তার মধ্যে প্রতারণার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বরানগরের ডিপিএস স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর বিটি রোড পুরো অবরোধ করেন তাঁরা।
অভিভাবকদের অভিযোগ, দিল্লি পাবলিক স্কুল সোসাইটির সঙ্গে যুক্ত ছিল বরানগর আলম বাজার ডিপিএস স্কুল। কিন্তু ৮-৯মাস থেকে স্কুলটি ডিপিএস সোসাইটির থেকে বেরিয়ে এসছে। ডিপিএস'এর অফিসিয়াল ওয়েবসাইটেও স্কুলের নাম দেখা যাচ্ছে না। একই সঙ্গে তাঁদের অভিযোগ, অন্য কোনও বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে এই স্কুল। তাই, ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশংকার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা নামতে বাধ্য হয়েছেন তাঁরা। অভিভাবকদের অবরোধের জেরে এদিন ব্যস্ততম রাস্তা ডানলপ -দক্ষিণেশ্বর রোডে ব্যাপক যানজট হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত সামাল দিতে হয় বরানগর থানার পুলিশকে।
তবে স্কুলের প্রিন্সিপাল সুজাতা চট্টোপাধ্যায় জানান, অভিভাবকদের কোন চিন্তার কারণ নেই। বাচ্চাদের দায়িত্ব আমাদের। তাঁরাও বিষয়টি জানতেন না। এক পড়ুয়ার ট্রান্সফার করার সময় তাঁদের নজরে আসে বিষয়টি। তিনি আরও জানান, ওই পড়ুয়ার অভিভাবক ডিপিএস সোসাইটির ওয়েবসাইটে স্কুলের খুঁজে না পেয়ে কর্তৃপক্ষকে জানান। কিন্তু বিষয়টিকে প্রথমে যান্ত্রিক বলেই মনে হয়েছিল। কারণ ডিপিএস সোসাইটির তরফ কোনও নোটিশ দেওয়া হয়নি। ইতিমধ্যে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। ওয়েব সাইটে নাম না থাকার জন্য সোসাইটির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তবে সুরাহা কবে হবে সেবিষয়ে বলতে পারেননি প্রিন্সিপাল।