দ্য ওয়াল ব্যুরো: করোনা (Covid) সেরে যাওয়ার পরেও নানা রকম রোগের উপসর্গ দেখা যাচ্ছে অনেকের। পোস্ট-কোভিড পর্যায়ে কারও চুল উঠতে শুরু করেছে, কারও শ্বাসনালীতে সংক্রমণ ফিরে আসছে, লিভার-কিডনি, এমনকি হার্টের রোগ ধরতেও দেখা গেছে। দিল্লিতে পাঁচ জন করোনা রোগী সংক্রমণ সারিয়ে ওঠার অন্তত মাস দুয়েক পরে অগ্ন্যাশয়ের আক্রান্ত হয়েছেন। গলব্লাডারে স্টোন ধরা পড়েছে অনেকের, এমনকি গলব্লাডারে তীব্র প্রদাহ থেকে ক্ষত বা গ্যাংগ্রিন (gall bladder gangrene) হতেও দেখা গেছে।
দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে পাঁচ জন রোগীর গলব্লাডারে গ্যাংগ্রিন ধরা পড়েছে। ডাক্তাররা বলছেন, এই পাঁচজনই করোনা সারিয়ে উঠেছিলেন। প্রত্যেকেই সুস্থ ছিলেন। করোনা সেরে যাওয়ার পরে মাস দুয়েক কোনওরকম শারীরিক সমস্যা দেখা দেয়নি। তারপরেই গলব্লাডারে স্টোন নিয়ে হাসপাতালে ভর্তি হন তাঁরা। কয়েকজনের আবার গলব্লাডারে ক্ষত হতেও দেখা গেছে।
হাসপাতালে গ্যাসট্রোএন্টারোলজিস্ট ডা. অনীল অরোরা বলেছেন, পোস্ট-কোভিড পর্যায়ে এই পাঁচ জনের গলব্লাডারে তীব্র প্রদাহ হতে দেখা গেছে। গলস্টোন ধরা পড়েছে, কারও আবার গ্যাংগ্রিন ধরে গেছে। সাধারণত কোনও বড় অসুখ যেমন এইচআইভি হলে তার প্রভাবে অগ্ন্যাশয়ও আক্রান্ত হয়। তখন গলব্লাডারে ঘা হতে পারে। আবার কোনও দুর্ঘটনায় আঘাত লাগলে, প্রচুর রক্তক্ষরণ হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

লিভার থেকে নিঃসৃত পিত্তরস খাবার হজম করতে সাহায্য করে৷ পিত্তরসের ভেতর জল ও ফ্যাটের পরিমাণের অসামঞ্জস্যতাই গলস্টোন সৃষ্টির মূল কারণ৷ কারও যদি হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া থাকে সেক্ষেত্রেও গলব্লাডারে স্টোন হয়৷ দীর্ঘক্ষণ খালিপেটে থাকলে, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেলে, ওজন বেড়ে গেলে, লিভার সিরোসিস থাকলে, কোলেস্টেরল কমানোর ওষুধ ও কম বয়স থেকে কন্ট্রাসেপটিভ পিল বেশি খেলে গলস্টোন বা গলব্লাডারে ক্ষত হতে পারে।
দিল্লির চিকিৎসকরা বলছেন, ওই পাঁচ রোগীর এমন কোনও সমস্যাই ছিল না। এর থেকেই বোঝা যাচ্ছে, কোভিডের কারণেই তাঁদের এই রোগ দেখা দিয়েছে। ডাক্তারদের অনুমান, শরীরে অন্যান্য অঙ্গের মতো পিত্তথলিতেও সংক্রমণ ছড়াতে পারে করোনা। এখানেও কোভিডের রিসেপটর প্রোটিন এসিই-২ বেশি পরিমাণে থাকে। তাই কোভিড সারিয়ে ওঠার পরে গলব্লাডারে তীব্র প্রদাহ হতে দেখা গেছে এই রোগীদের।
কোভিড সারিয়ে ওঠার পরে এ রাজ্যের কিছু রোগীরও অগ্ন্যাশয়ের সংক্রমণ, গলব্লাডারে স্টোন হতে দেখা গেছে। এ ব্যাপারে রাজ্যের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুবর্ণ গোস্বামী বলেছেন, গলস্টোন শুধু কোভিডের কারণে হয় তা নয়, আরও অনেকরকম ভাইরাস আছে যাদের সংক্রমণ হলে অগ্ন্যাশয় ও পিত্তথলিতেও তার প্রভাব পড়ে। এর আগেও নানারকম ভাইরাল ইনফেকশনের পরে গলস্টোনে আক্রান্ত হতে দেখা গেছে রোগীদের। মাম্পস ভাইরাসের সংক্রমণ হলে পিত্তথলিও সংক্রামিত হয়। তখন গলব্লাডারে স্টোন, ক্ষত হতে দেখা যায়। কোভিডের কারণে গলস্টোন হতে দেখা গেছে কিছু রোগীর। তবে সকলেরই যে হতে পারে তা নয়। এই সংখ্যা কম।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'