
শেষ আপডেট: 24 November 2023 19:55
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারত হারতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশের অনেক নাগরিক। রীতিমতো রাস্তায় নেমে পড়শি দেশের উল্লাসের দৃশ্য ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভারত-বাংলাদেশের মধ্যে যতই সুসম্পর্ক থাকুক না কেন, বিষয়টিতে অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর এবার ক্রিকেটের আঁচ এসে পড়ল পর্যটনেও। বাংলাদেশি পর্যটকদের ‘বয়কট’ করার সিদ্ধান্ত নিল দার্জিলিঙের বেশ কয়েকটি হোটেল।
দার্জিলিঙে ঘুরতে আসেন বহু বাংলাদেশি পর্যটক। অপরূপ কাঞ্চনজঙ্খার টানে পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে দার্জিলিং। আর সেই শৈলশহরের একাধিক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না বলেই জানিয়ে দিয়েছে। তাঁদের সাফ বক্তব্য, বিশ্বকাপে ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের কয়েকজনের উচ্ছ্বাস, উন্মাদনা মেনে নেওয়া যায় না।
‘রয়োপোরাস তক্তসং’ নামে দার্জিলিঙের একটি হোটেল সংস্থা ফেসবুক হ্যান্ডলে জানিয়েছে, তারা অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না। শোরগোল পড়ে যায় তা নিয়েই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই অনেক ভারতীয় সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। যদিও বিরোধিতার তালিকায়ও রয়েছেন অনেকেই। তবে হোটেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের এমন মনোভাব মেনে নেওয়া যায় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় দলের হারে আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। ভিডিয়োতে দেখতে পাওয়া বেশ কিছু বক্তব্যে ক্রিকেট সমর্থকদের বলতে শোনা যায়, 'বাংলাদেশ জিতলেও এত খুশি হতাম না। ইন্ডিয়াকে হারতে দেখে যত খুশি হয়েছি।'
Bangladeshis celebrate India’s defeat (need to know Bengali to understand what they are saying) . pic.twitter.com/2hbK29QxXn
— Arnab Ray (@greatbong) November 20, 2023
শুধু দার্জিলিংই নয়, সিকিমেও বেশ কয়েকটি হোটেল সংস্থা বাংলাদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ করেছে বলে দাবি করেন হোটেল মালিকদের একাংশ। হোটেল সংগঠনগুলির তরফে এ ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও একাংশের মত, হোটেল সংস্থাগুলির এই বয়কটের সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হবে না।