
শেষ আপডেট: 10 May 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধের আগেই অতি গভীর নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। আবহাওয়া (weather forecast) দফতর সূত্রে খবর, রাতের মধ্যেই এই নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এর অভিমুখ বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের ক্যাকপ্যু উপকূলের দিকে। আবহাওয়াবিদদের মতে, ১২ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকে পড়বে এবং এরপর থেকেই ধীরে ধীরে শক্তি হারাবে 'মোখা' (cyclone Mocha update)।
এদিকে 'মোখা'র প্রভাবে ক্রমশ গরম বাড়ছে বাংলায়। আগামী কয়েকদিন তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতা, হাওড়া, দুই পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়ার মতো জেলাগুলিতে গরম বাড়বে। ১২ তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এমনকী উত্তরবঙ্গের মালদহ জেলাতেও সাধারণ মানুষ গরমে নাজেহাল হতে পারেন।
এই ঘূর্ণিঝড় বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। যদি শেষ পর্যন্ত সেদিকেই অভিমুখ থাকত, সেক্ষেত্রে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়ত ঘূর্ণিঝড় 'মোখা'। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে যে, ১১মে সকালে এই ঘূর্ণিঝড় হঠাৎ করেই নিজের গতিপথ পরিবর্তন করবে। এবং দিক বদল করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ধেয়ে যাবে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে এর ল্যান্ডফল হবে।
এদিকে অতি গভীর নিম্নচাপের জেরে বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে চলেছে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। আজ হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার এর গতি বেড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগেও বইতে পারে। এদিকে ১৪ তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সেদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
মোখা মুখ ঘুরিয়ে মায়ানমারে চলে যাবে, বাংলায় কেমন থাকবে আবহাওয়া?