
শেষ আপডেট: 31 May 2018 09:21
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ছেলেকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ফেসবুকে ‘ভুয়ো খবর’ ছড়ানোর মামলায় সেলিমপুত্র রাসেল আজিজের জামিন মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচী এবং রবি কাপুরের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত ভোটের দিন রাসেল ফেসবুকে পোস্ট করেন, ‘রায়গঞ্জে একজন প্রিসাইডিং অফিসারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।’ পোস্টের নীচে লিখে দেন, ‘খবর যাচাই করা হয়নি।’ এরপরই রাসেলের বিরুদ্ধে মামলা রুজু করে বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চ। তদন্তভার নেয় সিআইডি।
বেশ কয়েকবার ভবানী ভবনে গিয়ে রাজ্য গোয়েন্দা সংস্থার অফিসারদের সামনে হাজিরা দেন আইআইটি গবেষক রাসেল। তাঁর জামিনের মামলায় গত ২৪ তারিখ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাসেলকে গ্রেফতার করতে পারবে না সিআইডি। বৃহস্পতিবার জামিন মঞ্জুরের জন্য আবেদন করেন রাসেলের আইনজীবী সায়ক চক্রবর্তী এবং ফিরদৌস শামিম। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। সেই সঙ্গে রাসেলের কলকাতার বাইরে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারির আবেদন জানান সরকারি কৌঁসুলি। সওয়াল-জবাব শেষে ডিভিশন বেঞ্চ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাসেলের জামিনের আবেদন মঞ্জুর করে। কলকাতার বাইরে যাওয়ার ক্ষেত্রেও কোনও নিষেধাজ্ঞা দেয়নি আদালত।