
শেষ আপডেট: 6 July 2023 07:41
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শনিবার পঞ্চায়েত ভোট। মাঝে বাকি আর মাত্র একদিন। তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। সূত্রের খবর, রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর এলাকায় সিপিএম প্রার্থীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। এমনকী তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। ওঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই সিপিএম প্রার্থীর ছেলেকেও তুলে নিয়ে যায় আততায়ীরা। এরপর তাঁকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে দু’জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ওই সিপিএম প্রার্থীর নাম বদর শেখ। সিপিএমের এরিয়া কমিটির সদস্য ওই ব্যক্তি এবারের ভোটে রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। ওঁকে গুলি করে হত্যার ছক কষেছিল দুষ্কৃতীরা। যদিও কোনওরকমে তিনি প্রাণে বেঁচে যান। এদিকে তাঁর ছেলে মকবুল শেখকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে রাস্তা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকেও। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।
বদর শেখের স্ত্রী বলেন, “ওরা আমাদের বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল। আমাদের ফোন কেড়ে নিয়েছিল। বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। শেষে আমার স্বামী ও ছেলেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে, কুপিয়েছে।” এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করেছেন।
এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। এরপর পুলিশে জানানো হলেও প্রায় ঘণ্টাদুয়েক পর পুলিশ সেখানে যায় বলে পরিবারের দাবি। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দুষ্কৃতীরাও এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফেও। নির্বাচনের মুখে এরকম একের পর এক ঘটনায় স্বভাবতই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা পড়েছে শুনে ছুটে এল তৃণমূল, সৌজন্যের রাজনীতি চুঁচুড়ায়