
শেষ আপডেট: 11 April 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আগুনে পুড়ে গেল তৃণমূলের কার্যালয় (TMC party office)। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য পোলবার (Polba) রাজহাট গ্রাম পঞ্চায়েতের রাজহাট দক্ষিণপাড়ায়।
রাজহাট দক্ষিণপাড়ায় তৃণমূলের একটি অস্থায়ী দলীয় কার্যালয় রয়েছে। মঙ্গলবার রাতে সেই কার্যালয়ে আগুন লাগে। বেশি রাতে আগুন লাগায় প্রথমে কেউ জানতে পারেননি। খবর পেয়ে দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় পুরো অফিস।
সকালে খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পুড়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শনে আসেন। বিধায়ক জানান, এই অস্থায়ী কার্যালয়ে কর্মীরা বসে মিটিং করতেন। দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হত। সেই অফিসই আগুনে ভস্মীভূত হল। তাঁর অভিযোগ, “বিজেপি রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানোর মতো প্রার্থী নেই বিজেপির। তাই ভোটের আগে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে।”
বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ বলেন, “কয়েকদিন আগে দিদির দূত করতে গিয়ে ওই অঞ্চলে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক। পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে রাজহাটে। বিধায়কের উপরেই মূলত ক্ষোভ তৃণমূল কর্মীদের। বোঝাই যাচ্ছে কারা আগুন দিয়েছে। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। সন্ত্রাস দুর্নীতি এগুলো তৃণমূলের সংস্কৃতি, বিজেপির নয়।”
তৃণমূলের অফিসে আগুন লাগার ঘটনায় তেতে আছে এলাকা। রাজনৈতিক উত্তাপের পারদও চড়েছে অনেকটাই।