
শেষ আপডেট: 30 June 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়েছে। কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যপাল বার বারই অসন্তোষ-অনাস্থা প্রকাশ করেছে। এরই মধ্যে আবার নকল ব্যালটের খবর ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার সিপিএমের মুখপত্র গণশক্তির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভুয়ো ব্যালট ছাপানোর ব্যাপারে প্রশাসনের মধ্যে থেকেই অভিযোগ উঠেছে। শুধু তা নয়, বিরোধীদের আশঙ্কা ব্যালট বাক্সই বদলে দেওয়া হতে পারে।
এহেন পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে স্বচ্ছতার বার্তা ব্যালট বাক্সে কিউআর কোড লাগাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রথম ব্যালট বাক্সে কিউআর কোড লাগানো হচ্ছে। যাতে কোন ব্যালট কোন বুথে যাচ্ছে তার হিসাব থাকে। সেই সঙ্গে ব্যালট বাক্স যেন বদল করা না যায়।
কমিশন সূত্রে বলা হচ্ছে, নকল ব্যালট পেপার ছাপানোর খবর ভিত্তিহীন। কারণ প্রতিটি ব্যালট পেপারে সিরিয়াল নম্বর থাকবে। কোন বুথে কত সিরিয়াল পর্যন্ত ব্যালট পেপার যাচ্ছে তার হিসাব থাকবে। বুথে রাজনৈতিক দলের যে পোলিং এজেন্ট থাকবেন, ভোট গ্রহণ শুরু হওয়ার আগে তিনি নোট করে নিতে পারবেন ব্যালটের সিরিয়াল। অর্থাৎ কত থেকে কত সিরিয়াল পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে।
সিপিএমের মুখপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা প্রণব কুমার ঘোষ এবং পুরুলিয়া জেলার প্ল্যানিং অফিসার দীপ ভাদুড়িকে বলা হয়েছিল, দ্বিগুণ ব্যালট পেপার ছাপানোর জন্য। তাঁরা মৌখিক নির্দেশে রাজি হননি। সেই কারণেই তাঁদের বদলি করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে, এই বদলির সঙ্গে নকল ব্যালটের সম্পর্কের কোনও ভিত্তি নেই। ব্যালট নকল করতে গেলে সেই কাজে অনেক জনকে জড়াতে হবে। তা সরকারি ব্যবস্থায় আজকের দিনে গোপন ভাবে করা সম্ভব নয়। তা ছাড়া এবার এক প্রকার হাইকোর্টের তত্ত্বাবধানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। ফলে কমিশন ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্ব পর্যন্ত প্রতিটি স্তরে স্বচ্ছতা রাখতে চাইছে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ ব্যাপারে বলেন, এই কমিশনের কোনও কথা মানুষ বিশ্বাস করছে না। কিউআর কোড ইত্যাদি সব ভাঁওতা। নকল ব্যালট, ব্যালট বাক্স বদল, চুরি – সবকিছুরই আশঙ্কা রয়েছে এই পঞ্চায়েত ভোটে।
অনুব্রতর দেহরক্ষীর আরও সম্পত্তি! আদালতে জমা পড়ল কোটি টাকার সিজার লিস্ট