দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালে সবার আগেই জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই এ বার ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যেতে পারে। সেই সম্ভাবনা এখনও অটুট রয়েছে।
তার মধ্যেই এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে দলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ৭-৮ দিনের মধ্যে ভোট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। বক্তৃতায় অবশ্য আর একবার তিনি বলেন, ৩,৪,৫ দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে।
যে হেতু সিবিএসই বোর্ডের পরীক্ষা এ বার মে মাসের ৪ তারিখ থেকে হবে সেই কারণেই ভোট এগনোর সম্ভাবনা প্রবল। ২০১৬ বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল ১৯ মে। এ বার এপ্রিল মাসের মধ্যেই ভোটের গণনাও হয়ে যেতে পারে। সেই হিসাবে মার্চ মাসের মাঝামাঝি সময় বা তৃতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ, প্রথম দফার ভোট গ্রহণের অন্তত চল্লিশ দিন আগে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে কমিশন। এই সব অঙ্ক কষেই অনেকে মনে করছেন, আর সপ্তাহ খানেকের মধ্যেই সেই আনুষ্ঠানিক ঘোষণা হবে।
এর মধ্যে শুধু একটাই প্রশাসনিক কাজ বাকি রয়েছে। তা হল, রাজ্য বাজেট তথা ভোট অ্যাকাউন্ট ঘোষণা। সংসদে সাধারণ বাজেট পেশ হয়ে যাওয়ার পর রাজ্যে ৫ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। ৮ তারিখ বিধানসভার অধিবেশন চলতি মেয়াদে শেষ দিনের জন্য বসবে। তার পর যে কোনও দিন ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যেতে পারে।