
শেষ আপডেট: 18 March 2023 05:59
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই আকাশের মুখভার (Cloudy sky)। সূর্য লুকিয়েছে মেঘের আড়ালে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার ছবিটা একইরকম। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত আবহাওয়া (weather) এমনই থাকবে। কোথাও কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও খবর, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ১১ টি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দমকা ঝড়ো হাওয়া।
এদিন কলকাতার আকাশে দিনভর থাকবে মেঘের আনাগোনা। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও এই মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৮ ডিগ্রি নিচেই নেমে থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের অনেক জেলাতেই। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রেও একই সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।
এই ঝড় বৃষ্টির কারণে চাষের কিছু ক্ষতি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানেরও বেশ কিছু ক্ষতি হতে পারে বলে জানা গেছে।
বাংলার আকাশে কালো মেঘ, দুর্যোগ শেষ নয় এখনই! কী বলছে হাওয়া অফিস