
শেষ আপডেট: 2 September 2022 12:05
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিলের (mid-day meal) জিনিস চুরির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের (headmaster) বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার নন্দকুমার (Nandakumar) থানা এলাকার কড়ক শচীন্দ্র স্মৃতি হাইস্কুলের ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হেডমাস্টারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ওই স্কুলেরই ক্লার্ক (clerk) শুকদেব মাইতি।
তবে এখানেই শেষ নয়, জানা গেছে শুকদেব মাইতির দুই মেয়ে এসে প্রধান শিক্ষককে হুমকি এবং তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ স্কুলের পড়ুয়ারা। তারা সকলে বিষয়টিকে অপবাদ বলেই ব্যক্ত করেছেন। শুক্রবার স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষককে চুরির অপবাদ এবং মামলার হুমকির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা তুমুল বিক্ষোভ শুরু করে। এমনকি বাইকে আগুনও লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।
পড়ুয়াদের অভিযোগ, ক্লার্ক শুকদেব মাইতি ব্যক্তিগত হিংসা চরিতার্থ করতে প্রধান শিক্ষককে এই ধরনের অপবাদ দিচ্ছেন। শুধু তাই নয় ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের হয়ে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেও মামলা করা এবং দেখে নেওয়ার হুমকি দেন ক্লার্ক ও তাঁর দুই মেয়ে।