দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে প্রবল তৎপর সিআইডি। গত কয়েকদিন ধরে লাগাতার তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনী। গোয়েন্দাদের দল পৌঁছে গেছে জেলা পুলিশ লাইনেও।
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনসে পৌঁছয় সিআইডির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। পুলিশ লাইনসে থাকা শুভব্রতর মোট ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির প্রতিনিদিরা । প্রায় ৭ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর রাত ১১ টায় তমলুক মানিকতলা পুলিশ লাইনস থেকে বেরিয়ে যেতে দেখা যায় চার সদস্যের প্রতিনিধি দলকে।
এর আগে গত বুধবার শুভেন্দু অধিকারীর পাড়ায় পৌঁছে গিয়েছিলেন সিআইডি গোয়েন্দারা। অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের উল্টোদিকেই আরও একটি বাড়ি রয়েছে। সেখানেই সিআইডি দল হানা দেয় সেদিন।
প্রসঙ্গত, ২০১৮-সালের ১৩ অক্টোবর অস্বাভাবিক মৃত্যু হয় শুভব্রতর। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। শুভব্রতর রহস্যমৃত্যুর ঘটনার প্রায় আড়াই বছরের মাথায় শুভব্রতর স্ত্রী থানায় খুনের অভিযোগ দায়ের করেন। শুভব্রতর মৃত্যুর সময়ে রাজ্য মন্ত্রিসভায় একাধিক দফতরের মন্ত্রী ছিলেন শুভেন্দু।
শুভব্রত চক্রবর্তীর স্ত্রী মামলা রুজু করার পর পরই তদন্তের ভার হাতে নেয় সিআইডি। শুভব্রত কাঁথির ১৭ নম্বর ওয়ার্ডের যে পুলিশ ব্যারাকে থাকতেন বুধবার সেখানে যান গোয়েন্দারা। ব্যারাকে তদন্তকারী দলটি প্রায় আধঘন্টা থাকে। এরপর শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জর উল্টোদিকের বাড়িতে যান। সেটিও অধিকারীদেরই বাড়ি। ওই বাড়িতে চালক ও নিরাপত্তা রক্ষীরা বিশ্রাম নেন। শুভব্রতও এই বাড়িটিতে কাজের পর বিশ্রামের জন্য আসতেন।
এই খবর পেয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সেখানে পৌঁছলে সিআইডি–র সঙ্গে তাঁর দেখা হয়। তাঁর সঙ্গেও তদন্তকারীরা কথা বলেন। এরপর সাংসদ নিজেই তদন্তকারীদের সঙ্গে করে নিয়ে বাড়িটি ঘুরে দেখান। তদন্ত সেরে সাংসদের সাথে প্রায় আধঘণ্টা একান্তে কথা বলেন তদন্তকারীরা। দুপর দু’টো চল্লিশ নাগাদ অধিকারী পরিবারের ওই বাড়িটি থেকে বেরিয়ে যায় সিআইডির প্রতিনিধিদল। তবে সূত্রের খবর, সিআইডি অধিকারীদের বাড়িতে গিয়ে কিছু বাজেয়াপ্ত করেনি।
এর আগে সিআইডি শুভব্রত চক্রবর্তীর বাড়ি মহিষাদলেও গিয়েছিল। তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন। তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। দীর্ঘ পাঁচঘন্টা ধরে তাদের সঙ্গে কথা বলার পর মহিষাদল থেকে ফিরে যায় সিআইডি দল।