
শেষ আপডেট: 18 September 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জঙ্গিপুরের সহকারী স্কুল ইস্পপেক্টরকে গ্রেফতার করল সিআইডি (CID arrested Jangipur assistant school inspector in recruitment Scam case)।
মুর্শিদাবাদের গোথা এআর হাইস্কুলে নিজের ছেলে অনিমেষ তিওয়ারিকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিআইডি। ওই মামলার তদন্তে নেমে জঙ্গিপুরের সহকারী স্কুল ইস্পপেক্টর সুনীল কুমার বর্মনের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার একাধিক প্রমাণ তাঁদের হাতে এসেছে বলে সোমবার আদালতে জানিয়েছে রাজ্যের গোয়েন্দারা।
সিআইডি মনে করছে, শুধু ওই সহকারী স্কুল ইন্সপেক্টরই নন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন জেলা স্কুল শিক্ষা দফতরের আরও একাধিক আধিকারিক ও কর্মী। সূত্রের খবর, আরও কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়ে এদিন সিআইডির তরফে আদালতে আর্জি জানানো হয়েছে।
অভিযোগ, নিজের স্কুলেই ছেলে অনিমেষ তিওয়ারিকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। আরটিআই থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমা রায় নামে এক চাকরি প্রার্থী অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন। গুরুতর এই অভিযোগ আসার পরই আদালত নির্দেশ দেয়, অনিমেষ স্কুলে ঢুকতে পারবেন না। বন্ধ করে দেওয়া হয় বেতনও। ওই মামলার শুনানিতে জেলা শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি।
তদন্তে নেমে রাজ্যের গোয়েন্দারা জানতে পারেন, যে বছর স্কুলে অনিমেষের নিয়োগ হয়, সে বছর স্কুল সার্ভিস কমিশনের কোনও পরীক্ষাই হয়নি! চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি আদালত তলব করেছিল অভিযুক্ত প্রধান শিক্ষককে। বয়ানে অসঙ্গতি মেলায় সেদিনই মুর্শিদাবাদের গোথা এআর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করেছিল সিআইডি (CID)। ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: ভোটে কেন্দ্রীয় বাহিনীকে অসহযোগিতা! কমিশনের বিরুদ্ধে মামলা নয় কেন? জানতে চাইল হাইকোর্ট