
শেষ আপডেট: 1 September 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন জাতিবিদ্বেষের শিকার হচ্ছেন, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এই অভিযোগে মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই ডেপুটি রেজিস্টার। ওই মামলায় এবার বিশ্বভারতীর উপাচার্য-সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (Charge sheet filed in court against vice-chancellor of Visva Bharati) জমা দিল পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে সরকারি আইনজীবী বলেন, ‘উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, মহুয়া বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ঘোষ ও তন্ময় নাগের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ ছিল। ওই মামলায় পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে।”
উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের চার কর্তার বিরুদ্ধে জাতি বিদ্বেষের অভিযোগে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ বিভাগের ডেপুটি রেজিস্টার প্রশান্ত মেশরাম। প্রশান্তবাবুর অভিযোগ, “তফসিলি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে আমাকে বিভিন্ন সময় অপমানজনক কথা বলেছেন উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের মোট চার জন আধিকারিক। এমনকী ওঁরা আমার পদোন্নতি আটকাতে বিভিন্ন ষড়যন্ত্র করে। এর প্রতিবাদে সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম।”
সূত্রের খবর, বিশ্বভারতীর উপাচার্য সহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়লেও এখনই কোনও কড়া পদক্ষেপ পুলিশ নিতে পারবে না। কারণ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ওই তিন পদস্থ আধিকারিক ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অডিট অফিসার প্রশান্ত ঘোষের কোনও রক্ষাকবচ নেই বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর। জানা গেছে, চার্জশিট জমা দেওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: ড্রোন উড়িয়ে দত্তপুকুরের বিস্ফোরণ স্থলের ভিডিও করল পুলিশ! খুঁটিয়ে দেখা হবে ফুটেজ