
শেষ আপডেট: 31 July 2023 14:04
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সিউড়ি (Siuri) পুরসভা চেয়াম্যান (Chairman of Siuri municipality) পদ থেকে ইস্তফা (resigned) দিলেন প্রণব কর। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে বীরভূমে। কয়েকদিন ধরে তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল।
সিউড়ি পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শহরে। কারণ শারীরিক ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রণববাবু। সোমবার তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই পদত্যাগ করলেন। এর পিছনে কোনও রাজনীতি নেই। চেয়ারম্যানের পাশাপাশি কাউন্সিলরের দায়িত্বও ছাড়লেন তিনি।
মাস ছয়েক আগে সিউড়ি পুরসভার তৃণমূলেরই ১৩ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। তার প্রেক্ষিতেই কি পদত্যাগ! প্রণববাবুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “তাহলে তো ছ’মাস আগেই পদত্যাগ করতে পারতাম। সেটা তো করিনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছিল তাও কিছুই প্রমাণ হয়নি। কিন্তু আমার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এখন আমি এই সিদ্ধান্ত নিলাম।”
নিজের ৪১ বছরের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে প্রণববাবু বলেন, “এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি পাঁচবারের কাউন্সিলর। চেয়ারম্যান হওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু জোর করে আমাকে প্রথমে চেয়ারপার্সন ও পরে চেয়ারম্যান করা হয়।” এরপরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন কে তাঁকে পদ নেওয়ার জন্য জোর করেন? প্রণববাু জানান, অনুব্রত মণ্ডলই তাঁকে এই পদে বসিয়েছিলেন।
তবে কি অনুব্রতহীন বীরভূমে এই পদ ধরে রাখা চাপ হল? প্রণবাবুর উত্তর, “দলের কাছে কোনও চাপ কিনা জানি না, তবে আমার কাছে কোনও চাপ হয়নি।”
আরও পড়ুন: মঙ্গলাহাট নিয়ে অনেকে রাজনীতি করছেন, ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করছি: মুখ্যমন্ত্রী