
শেষ আপডেট: 7 July 2023 08:18
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর (Central Force ) ঘেরাটোপেই ভোটের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মোট ৮২২ কোম্পানির মধ্যে ৩৩৭ কোম্পানি বাহিনী আগেই রাজ্যে এসে পৌঁছালেও বাকি ৪৮৫ বাহিনী নিয়ে এখনও দোলাচল অব্যহত। এদিকে রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই ডিসিআরসি কেন্দ্র বা রিসিভিং সেন্টারগুলিতে আসতে শুরু করেছেন ভোটকর্মীরা (Poll Workers)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যাপ্ত বাহিনী (Central Force ) ছাড়াই অনেক জায়গায় রাজ্য পুলিশের সঙ্গে ভোটকর্মীদের রওনা দিতে দেখা গিয়েছে। আবার অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করছেন তাঁরা। এই জন্য তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে অনেকটাই দেরি হবে বলে আশঙ্কা।
পশ্চিম বর্ধমান জেলাতে দেখা গেল এমনই ছবি। সকাল সাড়ে দশটা নাগাদ সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনে তৈরি হওয়া ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার থেকে ভোট গ্রহণের প্রথম দলটি দেন্দুয়া পঞ্চায়েতের উদ্দেশে রওনা দিল। সালানপুর ব্লকের ১১৯ টি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য এখান থেকেই একে একে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন। প্রতিটি বুথের জন্য একজন করে সিভিক ভলান্টিয়ার, সেন্ট্রাল ফোর্সের একজন অস্ত্রধারী এবং রাজ্য পুলিশের একজন জওয়ানের থাকার কথা। তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডিসিআরসিতে এসে পৌঁছায়নি বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
একই ছবি দেখা গেল আসানসোল মহকুমার বিভিন্ন ডিসি সেন্টারগুলোয়। সেখানে ভোটকর্মীরা (Poll Workers) ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বারাবনি ব্লকের ডিসি সেন্টারেও দেখা গেল ভো কর্মীদের মধ্যে চরম ব্যস্ততা। অর্চনা তেওয়ারি নামে এক মহিলা ভোটকর্মী বলেন, “আমরা সকাল থেকেই ভোটের কাজে ব্যস্ত রয়েছি।” আরএক ভোটকর্মীর কথায়, “এখনও পর্যাপ্ত বাহিনী এসে পৌঁছায়নি। বলা হচ্ছে রাজ্য পুলিশের সঙ্গে বুথে যেতে। পরে কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যাবে। চারিদিকে অশান্তির খবরে এমনিতেই আশঙ্কায় রয়েছি।”
হুগলি জেলাতেও দেখা গিয়েছে একই ছবি। ভোটকর্মীদের সঙ্গে বুথে যাচ্ছেন রাজ্য পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনী (Central Force ) এলে তাদের পাঠানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের এক কর্তার কথায়, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো জেলার স্পর্শকাতর বুথে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাহিনী থাকবে প্রতিটি সেক্টরেও। ফলে শনিবার, ৮ জুলাই ভোট চলাকালীন কোন বুথে সমস্যা হলে, তৎক্ষণাৎ সেক্টর থেকে পৌঁছে যাবে বাহিনী।
আরও পড়ুন: ইসলামপুরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, অকুস্থলের পথে রাজ্যপাল