
শেষ আপডেট: 4 May 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি (ED)। একই সঙ্গে তাঁর বাড়িতে ও অফিসে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। বিজেপি সূত্রে দাবি, এর পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)মন্ত্রিসভার এক মন্ত্রীর বাড়িতে হানা দিতে পারে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)।
কোন এজেন্সি?
তা অবশ্য স্পষ্ট নয়। সেটা সিবিআই কিংবা ইডি বা আয়কর দফতরও হতে পারে। উত্তর ২৪ পরগনার ওই মন্ত্রীর বিরুদ্ধে অন্য একটি সিবিআই মামলাও রয়েছে।
কৌতূহলের বিষয় হল, উত্তর ২৪ পরগনার ওই মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি যে হানা দিতে পারে তা এতটা নিশ্চিত ভাবে কী করে বলতে পারছেন বিজেপির ওই সূত্র? বুধবার কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি রেইড হয়েছে। ঘটনাচক্রে এই কৃষ্ণ কল্যাণীর সঙ্গে গত বছর বিধানসভায় বচসা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কৃষ্ণর দাবি, শুভেন্দু তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, ইনকাম ট্যাক্স রেইড করিয়ে দেবেন। এ ব্যাপারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। খাতায় কলমে কৃষ্ণ কল্যাণী বিজেপি বিধায়ক। কিন্তু তিনি ভোটের পর যোগ দিয়েছেন তৃণমূলে।
কিছুদিন আগে বিধানসভায় রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও শুভেন্দু অধিকারীর বচসা হয়েছিল। অভিযোগ, শুভেন্দু পার্থর উদ্দেশে বলেছিলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগে তোমার বিরুদ্ধে মামলা রয়েছে না? সিবিআই লাগিয়ে দেব?
শুভেন্দুর এজেন্সি লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছে অভিযোগ করে সাংবাদিক বৈঠক করেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। পরে অবশ্য শুভেন্দু এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
বাংলায় শাসক দল সম্প্রতি বারবারই অভিযোগ করেছে যে সিবিআই, ইডি রাজনৈতিক প্রভুর ইশারায় চলছে। বিজেপি যখন যাকে টার্গেট করছে, তার বাড়িতে ইডি-সিবিআই চলে যাচ্ছে। বৃহস্পতিবার মালদহের মঞ্চে দাঁড়িয়ে ফের এ ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিবিআইয়ের তিন দল কলকাতা ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েছে। একটি টিম গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের একদা আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর বাড়িতে তল্লাশি চালাতে। অন্য একটি দল কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে তল্লাশি চালায়। তৃতীয় দলটি তল্লাশি চালিয়েছে পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার তথা ভজার বাড়িতে।
কৃষ্ণ কল্যাণীকে বিজেপিতে নিতে চেয়েছিলেন মুকুল, আটকেছিলেন শুভেন্দু, পরে আয়কর হানার হুমকিও