
শেষ আপডেট: 30 June 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে পঞ্চায়েত নির্বাচন এবার বিজেপি সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। তাই পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই উত্তপ্ত রয়েছে কোচবিহার। মার পাল্টা মারের রাজনীতি চলছেই। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস করে দিল কেন্দ্রের সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রকে নিশীথ হলেন অমিত শাহর জুনিয়ার মন্ত্রী। অমিত শাহর নির্দেশেই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এরই পাশাপাশি কোচবিহারে একাধিক বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ছে বলে শোনা যাচ্ছে।
কোচবিহারে নিশীথ প্রামাণিক যেভাবে কনভয় হাঁকিয়ে ঘুরে বেড়ান তাতে স্থানীয় তৃণমূলের অনেকের গাত্রদাহ রয়েছে। তার কারণ অনেক গভীর। নিশীথ আগে তৃণমূলের যুব নেতা ছিলেন। যুব নেতা থাকার সময় থেকেই তৃণমূলের প্রবীণ নেতাদের সঙ্গে তাঁর ঝগড়া ছিল সুবিদিত। ফলে তাঁর উপর অনেকের পুরনো রাগ রয়ে গিয়েছে।
তৃণমূলের অভিযোগ, নিশীথ তাঁর নিরাপত্তা রক্ষী তথা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার রাজনৈতিক এরিয়া ডোমিনেশনের চেষ্টা করেন। সেই কারণেই সম্প্রতি একাধিক ঘটনায় তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ রয়েছে। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্যই নিশীথের নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে বলে মত তৃণমূলের অনেকেরই।
এ ব্যাপারে উদয়ন গুহকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ওনাকে কে মারবে! কোথাও কোনও কুকাজ করেছে বলে ভয় পাচ্ছেন কিনা জানি না। ওঁকে ছারপোকাও কামড়াবে না। হতে পারে রাজনৈতিক ওজন বাড়ানোর জন্য এসব ছল চাতুরি করছে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, লোকসভা ভোটে নিশীথের লড়াই সহজ নয়। গত লোকসভা ভোটের সময়ে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে নিয়ে গেছিলেন নিশীথ প্রামাণিক। তাঁরা বেশিরভাগই পুরনো দলে ফিরে গেছেন। নিশীথ বুঝতে পারছেন, পঞ্চায়েত ভোটে কোচবিহারে গরিষ্ঠ সংখ্যক আসন না পেলে লোকসভা ভোটে চাপ বা়ড়তে পারে। সেই কারণেই তিনি এবার আরও মরিয়া।
একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? পঞ্চায়েতের প্রচারে বড় কনভয় নিয়ে হুঁশিয়ারি মমতার