
শেষ আপডেট: 6 July 2023 06:50
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে বাংলায়। বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। এবার শাসক দলের বিরুদ্ধেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
ভোটের আর ৪৮ ঘণ্টা বাকি। বৃহস্পতিবারই নির্বাচনী প্রচার শেষ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এমন আবহে এক বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিদ্ধ হল শাসক দল।
কী অভিযোগ?
পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপা প্রামাণিক। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের ২১৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী তিনি। তাঁর সমর্থনে জোরদার প্রচার চলছে। তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা, ব্যানার ফ্লেক্স লাগানো হয়েছে। অভিযোগ, সেই ভিড়ে একটা জাতীয় পতাকার আদলে একটি ফেস্টুন লাগানো হয়েছে।

সেই পতাকার সাদা রঙের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের ছবি আর অশোক চক্রের পাশে আঁকা তৃণমূলের দলীয় প্রতীক। গত সোমবার বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। যদিও পরে ওই জাতীয় পতাকা খুলে নেওয়া হয়। তবে এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলা দায়ের হয় উচ্চ আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা হয়েছে। হাইকোর্ট সূত্রে খবর, আজই এই মামলার শুনানি হতে পারে।
ভোটের দিন ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি! বর্ষা এলেও গরম থেকে রেহাই নেই