দ্য ওয়াল ব্যুরো: দুনিয়াজুড়ে বিপর্যয় ঘটানো নোভেল করোনাভাইরাসের উত্স, উত্পত্তি নিয়ে সংশয়, ধন্দ দূর হয়নি। কম-বেশি বিপর্যস্ত ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশ। সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুমিছিল চলছেই। প্রাথমিক ভাবে চিনের দিকে আঙুল তোলা হলেও মারণ ভাইরাস সেদেশের উহানের ল্যাবরেটরিতে তৈরি না পশুপাখির মাংসের বাজার থেকে ছড়িয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। আবার বাদুড়ের শরীর থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার তত্ত্বও আছে।
তথ্য সংগ্রহের জন্য চিনে আগেই অনুসন্ধান টিম পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কিন্তু দলটি ফিরে এসে জানায়, তারা সব তথ্য দেখার সুযোগ পায়নি। ফলে চিন কি সত্যি আড়াল করতে চাইছে, সেই প্রশ্নও তোলা হয়েছে। শি জিনপিংয়ের দেশের স্বচ্ছতা নিয়ে সংশয় মাথাচাড়া দিয়েছে।
কিন্তু এরপরও কোভিড ১৯ ভাইরাসের উত্পত্তি নিয়ে আরও তথ্য প্রকাশের জন্য চিনকে তারা চাপ দিতে পারবে না বলে জানিয়ে দিল হু। চিনকে বাধ্য করতে পারে না তারা, বললেন সংস্থার জরুরি কর্মসূচির ডিরেক্টর মাইক রায়ান। চিনকে এ ব্যাপারে আরও খোলামেলা হতে বাধ্য করতে পারে কিনা, প্রশ্ন করা হলে রায়ান বলেন, কাউকে এ ব্যাপারে বাধ্য করার ক্ষমতা হু এর নেই। সেই প্রয়াসে আমরা আমাদের সব সদস্যদের পূর্ণ সহযোগিতা, ইনপুট, সাহায্য প্রত্যাশা করি, বলেন তিনি। সেইসঙ্গে রায়ান বলেন, কোথা থেকে ভাইরাসের উদ্ভব হল, সে ব্যাপারে বোঝাপড়াকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে যে গবেষণা প্রয়োজন, সেই প্রস্তাব চিনকে দেওয়া হবে।